![]()
ই-বাংলাদেশ ডেস্ক
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না। দেশের এক ইঞ্চি জমি কিংবা একটি বালুকণার ওপরও কাউকে দখল করতে দেওয়া হবে না। প্রয়োজনে দেশের জনগণ দেশপ্রেম ও ঈমানি শক্তি নিয়ে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির পাশে দাঁড়াবে।
শুক্রবার (৩ জুলাই) সকালে নেত্রকোনা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “এ দেশ আপনার, আমার, আমাদের সবার। তাই দেশ রক্ষার দায়িত্বও আমাদের সবার। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কারও সঙ্গে কোনো কম্প্রোমাইজ নয়। প্রয়োজনে আমরা সবাই বিজিবির পাশে দাঁড়িয়ে দেশ রক্ষা করব।”
মাদকবিরোধী অবস্থান তুলে ধরে তিনি বলেন, সরকার সংসদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে একটি বিল এনেছে। তবে জামায়াতে ইসলামী মাদক নিয়ন্ত্রণ নয়, সমাজ থেকে সম্পূর্ণ নির্মূলের দাবি জানায়।
তার ভাষায়, “মাদক নিয়ন্ত্রণের অর্থ হলো কিছুটা দমন করে রাখা। আমরা তা চাই না। আমরা চাই মাদক পুরোপুরি নির্মূল হোক। মাদককে প্রশ্রয় দিয়ে সমাজকে ধ্বংস করা হচ্ছে।”
সংসদে মাদক নিয়ে আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এক সংসদ সদস্য দাবি করেছেন, সবচেয়ে বড় মাদকের চালান স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচনী এলাকা দিয়ে আসে। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি আশা প্রকাশ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিজ এলাকা থেকেই মাদকবিরোধী কার্যক্রম কঠোরভাবে শুরু করবেন।
সংসদে বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, সরকার জনগণের কল্যাণে ভালো কোনো উদ্যোগ নিলে বিরোধী দল তা সমর্থন করবে। তবে ভুল সিদ্ধান্ত বা অনিয়ম হলে বিরোধী দল দায়িত্বশীলভাবে তা তুলে ধরবে।
তিনি বলেন, “বিরোধী দল অন্ধভাবে বিরোধিতা করবে না। কিন্তু জনগণের স্বার্থে যৌক্তিক প্রস্তাব উপেক্ষা করা হলে বিরোধী দল সংসদে বাঘের মতো গর্জে উঠবে।”
মতবিনিময় সভায় নেত্রকোনা জেলা জামায়াতের আমির মাওলানা ছাদেক আহমাদ হারিছ সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও প্রচার-মিডিয়া সম্পাদক জহিরুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক অধ্যক্ষ সাহাবুদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মনজুরুল ইসলাম ভূঁইয়া।
এ ছাড়া নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফা, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মাহবুবুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, নেত্রকোনা পৌর জামায়াতের নায়েবে আমির আবুল হোসেন তালুকদারসহ দলীয় নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পাঠকের মন্তব্য