![]()
বাংলাদেশ ব্যাংক ২০২৬-২৭ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতি ঘোষণা করেছে। নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়ে ডিসেম্বর পর্যন্ত ৬ দশমিক ৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত মুদ্রানীতিতে এ তথ্য জানানো হয়।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত অর্থবছরের মে মাস শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল ৫ শতাংশ। অথচ ২০২৫-২৬ অর্থবছরের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ৮ দশমিক ৫ শতাংশ। বাস্তব প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রার তুলনায় কম হলেও নতুন মুদ্রানীতিতে ধীরে ধীরে ঋণপ্রবাহ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
নতুন মুদ্রানীতিতে অভ্যন্তরীণ ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০ দশমিক ৫ শতাংশ। একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং আর্থিক খাতে স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে বিদ্যমান নীতিগত অবস্থান বহাল রাখা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমান বলেন, নীতিগত সুদের হার (পলিসি রেট) অপরিবর্তিত রাখা হবে। পাশাপাশি ঋণ ও আমানতের সুদের হারের ব্যবধান (স্প্রেড) সর্বোচ্চ ৪ শতাংশে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর থাকায় ব্যাংকগুলো অতিরিক্ত সুদ নির্ধারণ করতে পারবে না।
তিনি আশা প্রকাশ করেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি প্রায় ৭ শতাংশে পৌঁছাবে এবং ২০২৬-২৭ অর্থবছরের শেষ নাগাদ, অর্থাৎ আগামী জুনের মধ্যে তা ৮ শতাংশে উন্নীত হবে।
পাঠকের মন্তব্য