![]()
হোয়াটসঅ্যাপে আসছে বড় পরিবর্তন, ফোন নম্বর ছাড়াই যোগাযোগ করা যাবে
ই-বাংলাদেশ ডেস্ক: বিশ্বের ৩০০ কোটিরও বেশি ব্যবহারকারীর জন্য বড় ধরনের প্রাইভেসি আপডেট আনছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা আর ফোন নম্বরের পরিবর্তে একটি নির্দিষ্ট ইউজারনেম (Username) ব্যবহার করে অন্যদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ সোমবার জানিয়েছে, অনন্য (Unique) ইউজারনেম সংরক্ষণের প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে। চলতি বছরের শেষ দিকে ধাপে ধাপে এই সুবিধা বিশ্বজুড়ে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।
নতুন ফিচার চালু হলে ব্যবহারকারীরা চাইলে তাদের ব্যক্তিগত ফোন নম্বর সম্পূর্ণ গোপন রাখতে পারবেন। ফলে নতুন কারও সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে নম্বর শেয়ার না করেও শুধু ইউজারনেম ব্যবহার করেই চ্যাট শুরু করা সম্ভব হবে।
হোয়াটসঅ্যাপের প্রোডাক্ট ভাইস প্রেসিডেন্ট অ্যালিস নিউটন-রেক্স জানিয়েছেন, এটি একটি মূল প্রাইভেসি ফিচার হিসেবে তৈরি করা হয়েছে। এখানে কোনো পাবলিক ডিরেক্টরি বা অটো-কমপ্লিট সাজেশন থাকবে না। অর্থাৎ, কারও সঙ্গে প্রথমবার যোগাযোগ করতে হলে তার সঠিক ইউজারনেমটি জানতে হবে।
বর্তমানে হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীরা প্রোফাইল নাম ব্যবহার করতে পারলেও সেটি মূলত গ্রুপ চ্যাটে সীমিতভাবে দেখা যায়। নতুন ইউজারনেম ব্যবস্থার মাধ্যমে ব্যক্তিগত পরিচয় আরও নিরাপদ থাকবে এবং ফোন নম্বর প্রকাশের প্রয়োজন কমে যাবে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ইউজারনেম ৩ থেকে ৩৫ অক্ষরের মধ্যে হতে হবে। এছাড়া ইনস্টাগ্রাম ও ফেসবুকে নিবন্ধিত ব্যবসা প্রতিষ্ঠান, কনটেন্ট ক্রিয়েটর এবং বিভিন্ন সংস্থা চাইলে একই ইউজারনেম হোয়াটসঅ্যাপেও ব্যবহার করার সুযোগ পাবে।
সেলিব্রিটি, সরকারি প্রতিষ্ঠান এবং পরিচিত ব্যক্তিদের পরিচয় জালিয়াতি ঠেকাতে কিছু গুরুত্বপূর্ণ ইউজারনেম আগেই সংরক্ষণ করে রাখবে হোয়াটসঅ্যাপ। এর ফলে ভুয়া পরিচয়ে অ্যাকাউন্ট তৈরির ঝুঁকিও অনেকটাই কমবে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, নতুন এই ফিচার ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা আরও জোরদার করবে এবং হোয়াটসঅ্যাপকে অন্যান্য জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমের মতো আরও আধুনিক ও নিরাপদ যোগাযোগ প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করবে।
পাঠকের মন্তব্য