![]()
হালদা থানা ও ৩ নতুন উপজেলা গঠনের প্রস্তাব, সিদ্ধান্ত মঙ্গলবার নিকারের সভায়
ই-বাংলাদেশ ডেস্ক: দেশের প্রশাসনিক কাঠামো আরও কার্যকর ও জনবান্ধব করতে চট্টগ্রাম, কুমিল্লা ও ময়মনসিংহে নতুন তিনটি উপজেলা এবং একটি নতুন থানা গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভায় মঙ্গলবার (১ জুলাই) চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
মন্ত্রিপরিষদ বিভাগের ১০০০ নম্বর কক্ষে সকাল ১১টায় অনুষ্ঠিতব্য এ সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মন্ত্রিপরিষদ বিভাগের নিকার-১ শাখা থেকে জারি করা সভার নোটিশ অনুযায়ী, চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা থানা’ প্রতিষ্ঠার প্রস্তাব উপস্থাপন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এছাড়া স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়নের সমন্বয়ে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব উপস্থাপন করবে।
একই সভায় কুমিল্লার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে ‘বাঙ্গারা’ নামে নতুন উপজেলা এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার অধীন আটটি ইউনিয়নের সমন্বয়ে ‘আদর্শনগর’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাবও আলোচনায় থাকবে।
সভার গুরুত্বপূর্ণ আলোচ্যসূচির মধ্যে রয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অংশ ঢাকা জেলার সঙ্গে অন্তর্ভুক্ত করে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার প্রশাসনিক সীমানা পুনর্গঠনের বিষয়টিও। এ প্রস্তাবটি উপস্থাপন করবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
এছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন সড়ক ও জনপথ অধিদপ্তর (আরএইচডি) সংশ্লিষ্ট একটি প্রশাসনিক পুনর্বিন্যাস প্রস্তাব নিয়েও আলোচনা হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মন্ত্রী এবং কমিটির সদস্যদের যথাসময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। সভায় অনুমোদন পাওয়া প্রস্তাবগুলো পরবর্তী সময়ে সরকারি প্রজ্ঞাপন জারির মাধ্যমে কার্যকর করা হবে।
সরকারের মতে, প্রশাসনিক পুনর্বিন্যাস, স্থানীয় সরকার ব্যবস্থার সম্প্রসারণ এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা আরও সহজ ও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে।