![]()
ই-বাংলাদেশ ডেস্ক
বাংলাদেশে চীনা বিনিয়োগের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের ব্যবসায়ীদের চট্টগ্রামের আনোয়ারায় আগামী ১৮ মাসের মধ্যে প্রথম শিল্পকারখানা চালু করার চ্যালেঞ্জ দিয়েছেন। চীনা বিনিয়োগকারীরাও এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
শনিবার (২৭ জুন) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরের বিভিন্ন অর্জন তুলে ধরে তিনি এ তথ্য জানান।
ব্রিফিংয়ে জানানো হয়, প্রধানমন্ত্রীর সফরের সময় মোংলায় একটি বিশেষায়িত চীনা ইকোনমিক পার্ক এবং চট্টগ্রামের আনোয়ারায় একটি বিশেষায়িত ইকোনমিক জোন প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
বিডা চেয়ারম্যান আরও বলেন, বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেও চীন সহযোগিতা করবে। এতে শিল্পখাতের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হয়েছে। তিনি জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অত্যন্ত গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন, যা দুই দেশের কৌশলগত সম্পর্কের গভীরতার প্রতিফলন।
এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশকে দীর্ঘমেয়াদি উন্নয়ন অংশীদার হিসেবে দেখতে চান। পাশাপাশি ব্রিকস এবং সাংহাই সহযোগিতা সংস্থায় (এসসিও) বাংলাদেশের সম্ভাব্য সদস্যপদের ক্ষেত্রেও চীন সমর্থন দেবে বলে আশ্বাস দিয়েছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রধানমন্ত্রীর এই সফরের ফলে বাংলাদেশে চীনা বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচিত হবে। বিশেষ করে আনোয়ারা ও মোংলার অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়িত হলে দেশের শিল্পখাত, রপ্তানি সক্ষমতা এবং কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ইতিবাচক পরিবর্তন আসতে পারে।
পাঠকের মন্তব্য