![]()
ই-বাংলাদেশ ডেস্ক
দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০৮ জনে।
শনিবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মোট মৃত্যুর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছেন ৯৩ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৬১৫ জনের।
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৪৫ জন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন আরও ৭৪৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা বেড়ে ১১ হাজার ৫৯৪ জনে পৌঁছেছে। একই সময়ে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ হাজার ২৬৬ জনে।
হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যাও উল্লেখযোগ্য। এ পর্যন্ত মোট ৮১ হাজার ৯৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭৮ হাজার ২৮৭ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। তাই শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা, আক্রান্ত ব্যক্তিকে দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি। সংক্রমণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি এবং টিকাদান কার্যক্রম জোরদারের ওপরও গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।