![]()
টানা তিনটি ড্র করেও বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে কেপ ভার্দে। গ্রুপ ‘এইচ’-এ রানার্সআপ হয়ে ইতিহাস গড়া দলটি এবার রাউন্ড অব ৩২-এ মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার।
শনিবার (২৭ জুন) সকালে হিউস্টনে সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করে কেপ ভার্দে। একই সময়ে গ্রুপের অন্য ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে।
ম্যাচ শুরুর আগে উরুগুয়ের সামনে সমীকরণ ছিল বেশ সহজ। সৌদি আরব ও কেপ ভার্দের ম্যাচ ড্র হলে স্পেনের বিপক্ষে অন্তত একটি পয়েন্ট পেলেই নকআউট নিশ্চিত হতো। কিন্তু মার্সেলো বিয়েলসার শিষ্যরা সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। পরাজয়ের ফলে তিন ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে তাদের।
অন্যদিকে কেপ ভার্দে তিনটি ম্যাচেই ড্র করে ৩ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপের দ্বিতীয় স্থান নিশ্চিত করে। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে এসে শেষ ৩২-এ জায়গা করে নেওয়ায় দলটি প্রশংসা কুড়িয়েছে ফুটবলপ্রেমীদের।
এদিকে আর্জেন্টিনা আগেই গ্রুপ ‘জে’-এর চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করে। আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে জয় তুলে নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করে ২০২২ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। ফলে নিয়ম অনুযায়ী গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ কেপ ভার্দেই হয়েছে লিওনেল মেসিদের প্রতিপক্ষ।
আর্জেন্টিনা ও কেপ ভার্দের মধ্যকার রাউন্ড অব ৩২-এর ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৪ জুলাই মিয়ামি স্টেডিয়ামে। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ৪টায়।
পাঠকের মন্তব্য