![]()
বিশ্বকাপ-২০২৬-এর গ্রুপ ‘এ’ থেকে ‘এফ’ পর্যন্ত প্রতিটি দলের তিনটি করে ম্যাচ শেষ হয়েছে। ফলে এই ছয় গ্রুপ থেকে কোন দলগুলো দ্বিতীয় রাউন্ডে উঠছে এবং কোন দলগুলো বিদায় নিচ্ছে, তার চিত্র অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। একই সঙ্গে নকআউট পর্বে সম্ভাব্য ম্যাচগুলোর সূচিও প্রায় চূড়ান্ত।
গ্রুপ ‘এ’ থেকে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা, গ্রুপ ‘বি’ থেকে সুইজারল্যান্ড ও কানাডা, গ্রুপ ‘সি’ থেকে ব্রাজিল ও মরক্কো, গ্রুপ ‘ডি’ থেকে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া, গ্রুপ ‘ই’ থেকে জার্মানি ও আইভরি কোস্ট এবং গ্রুপ ‘এফ’ থেকে নেদারল্যান্ডস ও জাপান দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে।
তবে এখনো কয়েকটি গ্রুপের তৃতীয় স্থানে থাকা দলগুলোরও শেষ ষোলোতে ওঠার সুযোগ রয়েছে। গ্রুপ পর্বের সব ম্যাচ শেষ হওয়ার পর পয়েন্ট, গোল পার্থক্য ও অন্যান্য বিবেচনায় তৃতীয় হওয়া সেরা আটটি দলও নকআউট পর্বে জায়গা করে নেবে।
সম্ভাব্য নকআউট ম্যাচ
২৯ জুন দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে গ্রুপ ‘এ’-এর রানার্সআপ দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে গ্রুপ ‘বি’-এর রানার্সআপ কানাডার। একই দিনে গ্রুপ ‘সি’-এর চ্যাম্পিয়ন ব্রাজিল খেলবে গ্রুপ ‘এফ’-এর রানার্সআপ জাপানের বিপক্ষে।
৩০ জুন গ্রুপ ‘ই’-এর শীর্ষ দল জার্মানির প্রতিপক্ষ হবে গ্রুপ ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’ অথবা ‘এফ’ থেকে তৃতীয় হয়ে ওঠা কোনো দল। বর্তমান পরিস্থিতিতে প্যারাগুয়ে কিংবা সুইডেন জার্মানির সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে।
একই দিনে গ্রুপ ‘এফ’-এর চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস খেলবে গ্রুপ ‘সি’-এর রানার্সআপ মরক্কোর বিপক্ষে। অন্যদিকে গ্রুপ ‘ই’-এর রানার্সআপ আইভরি কোস্টের প্রতিপক্ষ হবে গ্রুপ ‘আই’-এর রানার্সআপ দল। সে ক্ষেত্রে ফ্রান্স অথবা নরওয়ের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের।
১ জুলাই গ্রুপ ‘এ’-এর চ্যাম্পিয়ন মেক্সিকো খেলবে গ্রুপ ‘সি’, ‘ই’, ‘এফ’, ‘এইচ’ অথবা ‘আই’ থেকে তৃতীয় হয়ে ওঠা কোনো দলের বিপক্ষে।
২ জুলাই মাঠে নামবে গ্রুপ ‘ডি’-এর চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র। তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ ‘বি’ থেকে তৃতীয় হয়ে নকআউট নিশ্চিত করা বসনিয়া।
৩ জুলাই গ্রুপ ‘বি’-এর চ্যাম্পিয়ন সুইজারল্যান্ডের প্রতিপক্ষ হবে গ্রুপ ‘ই’, ‘এফ’, ‘জি’, ‘আই’ অথবা ‘জে’ থেকে তৃতীয় হয়ে ওঠা কোনো দল।
সবশেষে ৪ জুলাই গ্রুপ ‘ডি’-এর রানার্সআপ অস্ট্রেলিয়া খেলবে গ্রুপ ‘জি’-এর রানার্সআপ দলের বিপক্ষে। বর্তমান সমীকরণ অনুযায়ী মিশর, ইরান কিংবা বেলজিয়াম হতে পারে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ।
পাঠকের মন্তব্য