![]()
ই-বাংলাদেশ ডেস্ক
উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপ ২০২৬ এখনো শেষ হয়নি। টুর্নামেন্টের অর্ধেক ম্যাচ বাকি থাকতেই দর্শক উপস্থিতিতে সর্বকালের নতুন রেকর্ড গড়ে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে এবারের আসর।
ফিফার তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বকাপের ম্যাচগুলোতে মোট ৩৬ লাখ ৫ হাজার ৩৫৭ জন দর্শক উপস্থিত হয়েছেন। এর মাধ্যমে ভেঙে গেছে ১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপের প্রায় ৩৬ লাখ দর্শকের দীর্ঘদিনের রেকর্ড।
নতুন এই রেকর্ডটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় যুক্তরাষ্ট্রের নিউজার্সির ইস্ট রাদারফোর্ডে অনুষ্ঠিত জার্মানি ও ইকুয়েডরের ম্যাচ চলাকালে। দ্বিতীয়ার্ধে স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে রেকর্ডের ঘোষণা দেওয়া হলে গ্যালারিজুড়ে উচ্ছ্বাস, করতালি ও আনন্দধ্বনিতে মুখর হয়ে ওঠেন ফুটবলপ্রেমীরা।
বিশেষজ্ঞদের মতে, এই রেকর্ড আরও অনেক দূর যাবে। কারণ, ১০৪ ম্যাচের এই বিশ্বকাপে এখনো ৪৮টি ম্যাচ বাকি রয়েছে। তুলনায়, ১৯৯৪ সালের বিশ্বকাপে অনুষ্ঠিত হয়েছিল মাত্র ৫২টি ম্যাচ। ফলে এবারের সম্প্রসারিত আসরে দর্শকসংখ্যা শেষ পর্যন্ত আগের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।
ফিফা আরও জানিয়েছে, চলতি বিশ্বকাপে গড়ে স্টেডিয়ামের ৯৯ শতাংশেরও বেশি আসন পূর্ণ হয়েছে, যা টুর্নামেন্টটির প্রতি দর্শকদের ব্যাপক আগ্রহেরই প্রমাণ।
তবে ক্রীড়া অর্থনীতিবিদদের মতে, এই সংখ্যা আরও বেশি হতে পারত। কলেজ অব দ্য হোলি ক্রসের ক্রীড়া অর্থনীতি বিশেষজ্ঞ ভিক্টর ম্যাথেসন বলেন, টিকিটের উচ্চমূল্য এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভ্রমণসংক্রান্ত নিষেধাজ্ঞার কারণে অনেক বিদেশি সমর্থক মাঠে উপস্থিত হতে পারেননি।
অন্যদিকে, সান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া অর্থনীতি বিশেষজ্ঞ ড্যান রাশার মনে করেন, বিশ্বকাপের মতো বড় আয়োজন সবসময়ই মানুষের মধ্যে বিশেষ আকর্ষণ তৈরি করে।
তার ভাষায়, “আমেরিকানরা বড় বড় মুহূর্তের অংশ হতে চায়। তারা এমন আয়োজনের সাক্ষী থাকতে চায়।”
বিশ্বকাপের এখনো উল্লেখযোগ্যসংখ্যক ম্যাচ বাকি থাকায় দর্শক উপস্থিতির এই রেকর্ড আরও সমৃদ্ধ হবে বলেই ধারণা করছেন আয়োজক ও বিশ্লেষকরা। ফুটবলের সবচেয়ে বড় আসর ঘিরে বিশ্বজুড়ে যে উন্মাদনা তৈরি হয়েছে, নতুন এই রেকর্ড তারই আরেকটি উজ্জ্বল প্রমাণ।
পাঠকের মন্তব্য