![]()
প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ শেষে চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন।
বুধবার স্থানীয় সময় দুপুরে কড়া নিরাপত্তার মধ্যে তিনি ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান দালিয়ানের শাংগ্রিলা হোটেল থেকে দালিয়ান উত্তর রেলওয়ে স্টেশনে পৌঁছান। পরে স্থানীয় সময় দুপুর ১টা ৫৬ মিনিটে তাঁরা বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন।
এর আগে সকালে দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের মূল অধিবেশনে অংশ নেন প্রধানমন্ত্রী। সম্মেলনে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংসহ বিভিন্ন দেশের সরকারপ্রধান ও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এবারের সম্মেলনে বিশ্বের ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষাবিদ এবং গণমাধ্যম সংশ্লিষ্ট প্রায় ১ হাজার ৭০০ প্রতিনিধি অংশ নেন। সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নতুন বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞতা ও সেরা অনুশীলন গ্রহণের সুযোগ সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান গত সোমবার দালিয়ানে পৌঁছান। এটি ছিল প্রধানমন্ত্রী হিসেবে তাঁর প্রথম বিদেশ সফরের দ্বিতীয় ধাপ। এর আগে তিনি দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়া সফর করেন, যা দায়িত্ব গ্রহণের পর তাঁর প্রথম সরকারি বিদেশ সফরের সূচনা ছিল।
পাঠকের মন্তব্য