![]()
কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব দিলেন তারেক রহমান
ই-বাংলাদেশ ডেস্ক:
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। বুধবার (২৪ জুন) চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনের সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
চীনের স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ ও কাজাখস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার বিষয়ে গুরুত্বারোপ করেন দুই নেতা।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা ও আস্তানার মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন। এ সময় দুই দেশের প্রধানমন্ত্রী রাজধানী ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে নীতিগতভাবে একমত হন।
দুই নেতা মত প্রকাশ করেন যে, রাজনৈতিক নেতৃত্ব, ব্যবসায়ী সম্প্রদায় এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে নিয়মিত বৈঠক ও পারস্পরিক সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের যোগাযোগ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনাকে ইতিবাচকভাবে তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ ও কাজাখস্তানের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে।
আলোচনায় বাংলাদেশ থেকে কাজাখস্তানে দক্ষ জনশক্তি রপ্তানি, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, তথ্যপ্রযুক্তি, কৃষিভিত্তিক শিল্প এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।
এ ছাড়া পানি কূটনীতি বিষয়ক জাতিসংঘের অধীনে একটি বিশেষায়িত সংস্থা প্রতিষ্ঠার জন্য কাজাখস্তানের উদ্যোগের প্রতি বাংলাদেশের সমর্থন কামনা করেন প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, এ বিষয়ে বাংলাদেশের পূর্ণ সমর্থন রয়েছে।
বিশ্লেষকদের মতে, মধ্য এশিয়ার গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শক্তি কাজাখস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদার হলে বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার ও আঞ্চলিক সংযোগের নতুন সুযোগ সৃষ্টি হতে পারে।
বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে বাংলাদেশকে নতুন অর্থনৈতিক ও কূটনৈতিক অংশীদারিত্বের পথে এগিয়ে নিতে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পাঠকের মন্তব্য