![]()
দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ই-বাংলাদেশ ডেস্ক:
চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ান শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ শেষে বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
বুধবার (২৪ জুন) স্থানীয় সময় দুপুর ২টায় দালিয়ান থেকে চীনের উচ্চগতির বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সফরের অংশ হিসেবে রাজধানী বেইজিংয়ে তার একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
এর আগে একই দিন সকালে দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন তিনি। ‘বিস্তৃত পরিসরে উদ্ভাবন’ (Innovating at Scale) প্রতিপাদ্যে আয়োজিত এ সেশনে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক ও ব্যবসায়িক নেতারা অংশগ্রহণ করেন।
সেশনের উদ্বোধনী বক্তব্য দেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। এতে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সিওক, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী উছরাল নিয়াম-ওসর, মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিচ এবং গিনির প্রধানমন্ত্রী আমাদু ওউরি বাহ উপস্থিত ছিলেন।
প্ল্যানারি সেশনের সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দেশের সরকারপ্রধান ও প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। বৈঠকগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া সেশনের বিরতিতে অংশগ্রহণকারী বিশ্বনেতারা একটি যৌথ ফটোসেশনেও অংশ নেন।
উল্লেখ্য, গত সোমবার (২২ জুন) চীনের দালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক নেতা, বিনিয়োগকারী এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি। সফরের পরবর্তী ধাপে বেইজিংয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও অর্থনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।