![]()
ই-বাংলাদেশ ডেস্ক
ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন মগ্ন গোটা বিশ্ব, তখন আর্জেন্টিনার সান্তা ফে অঞ্চলের ফুটবল অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রায় ২০ দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর সঙ্গে লড়াই করার পর শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তরুণ ফুটবলার লাউতারো ফাজিওলি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২২ বছর।
গত ১ জুন নিজ বাড়িতে হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যান ফাজিওলি। আশ্চর্যের বিষয়, এর ঠিক একদিন আগেই তিনি সান্তা ফে কাপের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছিলেন। অসুস্থ হয়ে পড়ার পর দ্রুত তাকে হোসে মারিয়া কালেন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
লাউতারো ফাজিওলির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তার ক্লাব কোলন দে সান জাস্তো। এক শোকবার্তায় ক্লাবটি জানায়, “আমাদের প্রথম বিভাগের ফুটবলার লাউতারো ফাজিওলির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার পরিবার, স্বজন ও বন্ধুদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা রইল।”
তরুণ এই ফুটবলারের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ক্লাব কর্তৃপক্ষ সপ্তাহব্যাপী সব ধরনের কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে। এর মধ্যে সান্তা ফে কাপের তৃতীয় রাউন্ডে দলের অংশগ্রহণও অন্তর্ভুক্ত রয়েছে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, “লাউতারোর স্মরণে এবং তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্লাবের সকল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হবে।”
ফাজিওলির আকস্মিক অসুস্থতা সবাইকে বিস্মিত করেছে। এক বছর বয়সী কন্যাসন্তানের জনক এই ফুটবলার সেন্ট্রাল সান কার্লোসের বিপক্ষে ম্যাচে পুরোপুরি স্বাভাবিক ছিলেন। মাঠে কিংবা মাঠের বাইরে তার মধ্যে কোনো ধরনের শারীরিক সমস্যার লক্ষণ দেখা যায়নি।
ক্লাবের পরিচালনা পর্ষদের সদস্য হোসে লুইস রেপেতো জানান, ম্যাচের পরও ফাজিওলি সতীর্থদের সঙ্গে জয়ের আনন্দ উদযাপন করেছিলেন। তিনি বলেন, “সোমবার সকালে কিছুটা অসুস্থ বোধ করলেও আগের দিনের ম্যাচে তার মধ্যে কোনো অসুস্থতার লক্ষণ দেখা যায়নি। বরং দলের সঙ্গে দারুণভাবে জয়ের আনন্দ ভাগাভাগি করেছিল সে।”
এই অকাল মৃত্যুতে শোক জানিয়েছে সান্তা ফে ফুটবল লিগও। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, “আমাদের ফুটবল পরিবারের সদস্য লাউতারো আজ আমাদের ছেড়ে চলে গেছে। তার পরিবার, বন্ধু ও কোলন দে সান জাস্তো ক্লাবের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই।”
মাত্র ২২ বছর বয়সে থেমে গেল এক সম্ভাবনাময় ফুটবলারের জীবনযাত্রা। কয়েক দিন আগেও যিনি মাঠে লড়াই করেছেন, সতীর্থদের সঙ্গে জয় উদযাপন করেছেন, আজ তাকে স্মরণ করছে আর্জেন্টিনার ফুটবল অঙ্গন। তার অকাল প্রয়াণে শোকাহত ফুটবলপ্রেমীরাও।
পাঠকের মন্তব্য