![]()
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে এবার প্রতিবেশী দেশ বেলারুশকে নতুন করে হামলার হুমকি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি মস্কোতে ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলার পর এই উত্তেজনা আরও বেড়েছে।
শুক্রবার (১৯ জুন) কিয়েভে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, সীমান্তের কাছে বেলারুশ ভূখণ্ডে স্থাপিত কিছু যোগাযোগ সরঞ্জাম এক সপ্তাহের মধ্যে সরিয়ে নিতে হবে। অন্যথায় সেগুলোর বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
তিনি বলেন, “বেলারুশের প্রেসিডেন্ট চাইলে এগুলো সরিয়ে নিতে পারেন। এক সপ্তাহ যথেষ্ট সময়। যদি তা না করা হয়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।”
জেলেনস্কির এই বক্তব্য আসে এমন সময়, যখন বেলারুশ থেকে আসা একটি শিশু ফুটবল দলের বাসে প্রাণঘাতী ড্রোন হামলার ঘটনা নিয়ে আঞ্চলিক উত্তেজনা ইতোমধ্যেই তীব্র। তিনি সরাসরি বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকে উদ্দেশ্য করে কঠোর বার্তা দেন।
এর আগে লুকাশেঙ্কো দাবি করেন, ইউক্রেন-বেলারুশ সীমান্তে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে এবং সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে জেলেনস্কি বেলারুশকে লক্ষ্য করে একাধিক কঠোর বক্তব্য দিয়েছেন। এর আগে তিনি সীমান্তে নতুন ড্রোন ইউনিট মোতায়েনের কথাও বলেন।
অন্যদিকে মিনস্ক ও মস্কোর অভিযোগ, ইউক্রেন ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি উসকে দিয়ে বেলারুশকে সরাসরি সংঘাতে টেনে আনার চেষ্টা করছে।
২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বেলারুশ সরাসরি যুদ্ধে না জড়ালেও মস্কোর ঘনিষ্ঠ মিত্র হিসেবে অবস্থান করছে এবং একই সঙ্গে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়ে আসছে। তবে সাম্প্রতিক এই হুমকির পর আঞ্চলিক সংঘাতে বেলারুশের সরাসরি জড়িয়ে পড়ার আশঙ্কা আরও বাড়ছে।
পাঠকের মন্তব্য