![]()
চট্টগ্রামের আলোচিত শিশু আলিনা ইসলাম আয়াত হত্যা মামলায় প্রধান আসামি মো. আবিরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার চট্টগ্রাম মহানগরের ষষ্ঠ অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আলী আক্কাস এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার আগে কড়া নিরাপত্তার মধ্যে কারাগার থেকে আবিরকে আদালতে হাজির করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জালাল উদ্দিন জানান, ৩৩ জন সাক্ষীর সাক্ষ্য, আলামত ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা করে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সর্বোচ্চ শাস্তি দিয়েছেন।
রায়ের পর নিহত আয়াতের বাবা ও মামলার বাদী সোহেল রানা সন্তোষ প্রকাশ করে বলেন, তিনি ন্যায়বিচার পেয়েছেন। একই সঙ্গে দ্রুত রায় কার্যকরের দাবি জানান তিনি।
মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ১৫ নভেম্বর চট্টগ্রাম নগরের বন্দরটিলা এলাকা থেকে নিখোঁজ হয় পাঁচ বছর বয়সী আয়াত। পরিবারের অভিযোগের পর তদন্তে নামে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
তদন্তে জানা যায়, মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে ভাড়াটিয়া আবির শিশুটিকে অপহরণ করেন। পরিকল্পনা ব্যর্থ হলে তিনি তাকে শ্বাসরোধে হত্যা করেন। পরে লাশ খণ্ড-বিখণ্ড করে সাগর ও খালসহ বিভিন্ন স্থানে ফেলে দেন।
২০২৩ সালের ১০ অক্টোবর পিবিআই আদালতে অভিযোগপত্র জমা দেয়। এতে আবিরের পাশাপাশি তার ১৭ বছর বয়সী এক বন্ধুকেও আসামি করা হয়। কিশোর হওয়ায় দ্বিতীয় আসামির পরিচয় প্রকাশ করা হয়নি।
বর্তমানে প্রধান আসামি আবির কারাগারে রয়েছেন। অন্যদিকে, কিশোর আসামির বিচার শিশু আদালতে চলমান রয়েছে।
পাঠকের মন্তব্য