![]()
বৃষ্টি উপেক্ষা করে সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন সিলেটের হাজারো মানুষ। তবে সবার নজর কেড়েছে চা শ্রমিকদের ব্যতিক্রমী আয়োজন। হাতে ফুল, মালা ও ফুলের পাপড়ি নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারা অভ্যর্থনা জানান তাদের প্রিয় নেতাকে।
বুধবার সকালে সিলেট নগরের চৌকিদেখি এলাকায় এ দৃশ্য দেখা যায়।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিতে সকালে ইউএস-বাংলার একটি ফ্লাইটে সিলেটে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটি তার দ্বিতীয় সিলেট সফর।
সকাল সাড়ে ১০টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়কপথে শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা দেন তিনি। বিমানবন্দর সড়ক, নগরের বিভিন্ন এলাকা এবং জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে জড়ো হন বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ। তারা হাত নেড়ে ও ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
বিমানবন্দর সড়কের পাশের চা বাগান এলাকায় ছিল ভিন্ন আবহ। চৌকিদেখি পয়েন্টে লাক্কাতুড়া ও মালনীছড়া চা বাগানের শ্রমিকরা—যাদের বেশিরভাগই নারী—ফুলের মালা ও পাপড়ি নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর গাড়িবহর সেখানে পৌঁছালে তারা ফুল ছিটিয়ে শুভেচ্ছা প্রকাশ করেন।
চা শ্রমিকদের পর একই স্থানে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ৪, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপি, স্বেচ্ছাসেবক দল এবং কৃষক দলের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনায় নেতৃত্ব দেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি জিয়াউল গনি আরিফিন জিল্লুর ও সাদিকুর রহমান সাদিক, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মজুমদার ও মাহবুবুল হক চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব।
এ ছাড়া সিলেট নগরের আরও কয়েকটি স্থানে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ সড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় তারেক রহমানও হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছার জবাব দেন।
সিলেট থেকে সড়কপথে যাত্রা শেষে দুপুর ১টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া কলেজ মাঠে পৌঁছে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
পাঠকের মন্তব্য