![]()
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে ফ্রান্স। প্রথমার্ধে আফ্রিকান দলটির দাপট থাকলেও দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপের ঝলকে জয় নিশ্চিত করে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের প্রথম ৪৫ মিনিটে নিজেদের পরিচিত ছন্দে দেখা যায়নি ফ্রান্সকে। এমবাপেদের দল এ সময় সেনেগালের গোলমুখে উল্লেখযোগ্য কোনো আক্রমণই গড়ে তুলতে পারেনি। বরং সেনেগালই ছিল বেশি আক্রমণাত্মক।
২৫তম মিনিটে নিকোলাস জ্যাকসন গোলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। তার জোরালো শট পোস্টে লেগে ফিরে আসে। প্রথমার্ধের একেবারে শেষদিকে ইসমাইলা সারও একটি সুবর্ণ সুযোগ নষ্ট করেন। ফলে বিরতিতে যাওয়ার সময় গোলশূন্য সমতায় ছিল দুই দল।
তবে দ্বিতীয়ার্ধে পাল্টে যায় ম্যাচের চিত্র। ৬৬তম মিনিটে মাইকেল ওলিসের দারুণ পাস থেকে সেনেগালের পেনাল্টি বক্সের ডান প্রান্তে বল পেয়ে নিখুঁত শটে জাল খুঁজে নেন কিলিয়ান এমবাপে। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স।
এর মাত্র দুই মিনিট পর জ্যাকসন আবারও বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়। এতে সমতায় ফেরার সুযোগ হাতছাড়া করে সেনেগাল।
৮২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ফ্রান্স। আদ্রিয়েন রাবিওটের চমৎকার পাস থেকে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে দৃষ্টিনন্দন ফিনিশিং করেন ব্র্যাডলি বার্কোলা।
ইনজুরি সময়ে শেষ আঘাত হানেন এমবাপে। বক্সের বাইরে থেকে নেওয়া তার দুর্দান্ত শট জালে জড়ালে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ফরাসিরা। পরে সেনেগাল একটি গোল শোধ করলেও ম্যাচের ফল বদলাতে পারেনি।
শেষ পর্যন্ত ৩-১ গোলের জয়ে বিশ্বকাপ মিশন শুরু করে ফ্রান্স।
পাঠকের মন্তব্য