![]()
প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক রাষ্ট্র গঠন এবং সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গণমাধ্যমের সক্রিয় সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেছেন, দেশের মানুষের মধ্যে সহমর্মিতা, সামাজিক দায়িত্ববোধ ও মানবিক চেতনা আরও শক্তিশালী করে তুলতে সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
রোববার বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেকট্রনিক মিডিয়ার নির্বাহী ও বার্তা প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। দুপুর পৌনে ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত এ বৈঠকে দেশের শীর্ষ টেলিভিশন চ্যানেলগুলোর প্রতিনিধিরা অংশ নেন।
সভা শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী মনে করেন সমাজে সবসময় রাজনৈতিক আলোচনা নয়, বরং মানবিক ও সামাজিক বিষয়গুলোও গুরুত্ব পাওয়া উচিত।
প্রধানমন্ত্রী উদাহরণ দিয়ে বলেন, কোনো প্রাণী বা মানুষ নির্যাতনের শিকার হলে অনেক সময় মানুষ সাহায্যের পরিবর্তে শুধু ভিডিও ধারণ করে। তিনি মনে করেন, এ ধরনের প্রবণতা সমাজের মানবিক মূল্যবোধের সংকটকে তুলে ধরে। তাই মানুষের মধ্যে সহমর্মিতা, দায়িত্ববোধ ও সামাজিক সচেতনতা বাড়াতে গণমাধ্যমকে আরও ইতিবাচক ভূমিকা রাখতে হবে।
তিনি আরও জানান, ভবিষ্যতেও গণমাধ্যমের সঙ্গে নিয়মিত সংলাপ ও মতবিনিময় অব্যাহত রাখতে আগ্রহী প্রধানমন্ত্রী।
সভায় বিভিন্ন টেলিভিশন চ্যানেলের নির্বাহী ও বার্তা প্রধানরা গণমাধ্যম সংশ্লিষ্ট নানা বিষয় তুলে ধরেন। উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ও মাহদী আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মতবিনিময় শেষে প্রধানমন্ত্রী গণমাধ্যমের শীর্ষ কর্মকর্তাদের মধ্যাহ্নভোজে আপ্যায়ন করেন।
পাঠকের মন্তব্য