![]()
গণভোটে প্রকাশিত ‘জনগণের রায়’ বাস্তবায়নে বিএনপি নেতৃত্বাধীন সরকারকে আর বেশি সময় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সময় দ্রুত ফুরিয়ে আসছে এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় পরিবর্তন না এলে সরকারকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে।
শনিবার (১৩ জুন) বিকেলে চট্টগ্রাম নগরের লালদীঘি ময়দানে ১১-দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
শফিকুর রহমান বলেন, সরকার যদি জনগণের দাবি ও গণভোটের রায় স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ না করে, তাহলে ১৯৯৬ সালের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সে সময় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা গ্রহণে সরকার বাধ্য হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, নেতা-কর্মীদের জেল বা ফাঁসির ভয় দেখিয়ে আন্দোলন থামানো যাবে না। দেশের স্বার্থে তারা কারাবরণ ও আত্মত্যাগের জন্য প্রস্তুত রয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, সরকারের একাধিক নীতিনির্ধারক এমনভাবে কথা বলছেন যেন তারা সব মন্ত্রণালয়ের দায়িত্ব একাই পালন করছেন। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী বিভিন্ন জনসভায় ভুল ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করছেন।
কক্সবাজার সফরে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে শফিকুর রহমান বলেন, বিরোধী দল মাদক বা নেশাজাতীয় পণ্যের ওপর কর বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন করেছে—এমন দাবি সম্পূর্ণ অসত্য। তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় বাজেটের সমালোচনা স্বাভাবিক বিষয় এবং সেটিকে নেতিবাচকভাবে দেখার সুযোগ নেই।
তিনি আরও অভিযোগ করেন, জাতীয় সংসদে কার্যকরভাবে কথা বলার সুযোগ না থাকায় বিরোধী দলকে জনগণের মাঝে গিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরতে হচ্ছে। একই সঙ্গে তিনি দাবি করেন, নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর চাঁদাবাজি ও দুর্নীতি কমার প্রত্যাশা থাকলেও বাস্তবে তা বেড়েছে।
সমাবেশে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম প্রস্তাবিত বাজেটের সমালোচনা করেন। তিনি বলেন, বাজেটে দুর্নীতি নিয়ন্ত্রণ, ব্যাংক খাতের সংস্কার এবং আর্থিক সুশাসন প্রতিষ্ঠার কার্যকর রূপরেখা নেই।
ব্যাংকিং খাতের পরিস্থিতি নিয়ে নাহিদ ইসলাম অভিযোগ করেন, ব্যাংক দখল ও প্রভাবশালী গোষ্ঠীর নিয়ন্ত্রণের প্রবণতা এখনও অব্যাহত রয়েছে। তিনি বলেন, জনগণ এসব কর্মকাণ্ড মেনে নেবে না।
চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান–কে ডিবি পুলিশের মাধ্যমে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। তার দাবি, দেশের উন্নয়নের জন্য পুলিশ, দুর্নীতি দমন কমিশন এবং বিচার বিভাগে সংস্কার জরুরি।
সীমান্ত পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে হওয়া উচিত। সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি।
সমাবেশে ১১-দলীয় ঐক্যের বিভিন্ন দলের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
পাঠকের মন্তব্য