![]()
দেশে উচ্চ আয়ের ব্যক্তিদের ওপর করের চাপ বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। প্রস্তাবিত নতুন কর কাঠামো অনুযায়ী, ২০২৮-২৯ করবর্ষ থেকে ৩ কোটি টাকার বেশি আয়ের অংশের ওপর সর্বোচ্চ ৩৫ শতাংশ হারে আয়কর আরোপ করা হতে পারে। বর্তমানে সর্বোচ্চ ব্যক্তিগত আয়কর হার ৩০ শতাংশ।
আসন্ন বাজেটে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য পাঁচ বছরের একটি করহার কাঠামো উপস্থাপনের পরিকল্পনা রয়েছে। এতে অন্তর্বর্তীকালীন সরকারের দুই বছর এবং পরবর্তী বিএনপি নেতৃত্বাধীন সরকারের সম্ভাব্য তিন বছরের করনীতি তুলে ধরা হয়েছে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বাজেট বক্তব্যে উল্লেখ থাকবে যে, ২০২৮-২৯ করবর্ষ থেকে ২০৩০-৩১ করবর্ষ পর্যন্ত ৩ কোটি টাকার বেশি আয়ের ওপর অতিরিক্ত ৫ শতাংশ কর আরোপের প্রস্তাব করা হয়েছে। ফলে ওই সীমার অতিরিক্ত আয়ের ক্ষেত্রে করহার ৩০ শতাংশ থেকে বেড়ে ৩৫ শতাংশ হবে।
তবে এ অতিরিক্ত কর কেবল উচ্চ আয়ের সীমিতসংখ্যক করদাতার জন্য প্রযোজ্য হবে। মধ্যম ও সাধারণ আয়ের করদাতারা এই নতুন করহারের আওতায় পড়বেন না।
প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, ২০২৮-২৯ করবর্ষে করমুক্ত আয়সীমা বর্তমানের তুলনায় ২৫ হাজার টাকা বাড়িয়ে ৪ লাখ টাকা করা হবে। এরপর ধাপে ধাপে বিভিন্ন স্তরের আয়ের ওপর কর আরোপ করা হবে।
নতুন পরিকল্পনা অনুযায়ী—
- প্রথম ৪ লাখ টাকা আয় করমুক্ত থাকবে।
- পরবর্তী ৩ লাখ টাকার ওপর ১০ শতাংশ কর।
- পরবর্তী ৪ লাখ টাকার ওপর ১৫ শতাংশ কর।
- পরবর্তী ৫ লাখ টাকার ওপর ২০ শতাংশ কর।
- পরবর্তী ২০ লাখ টাকার ওপর ২৫ শতাংশ কর।
- পরবর্তী ২ কোটি ৬৪ লাখ টাকার ওপর ৩০ শতাংশ কর।
ফলে ৩ কোটি টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে সর্বোচ্চ করহার ৩০ শতাংশই থাকবে। তবে ৩ কোটি টাকার বেশি আয়ের অংশের ওপর ৩৫ শতাংশ হারে কর দিতে হবে।
এছাড়া ২০৩০-৩১ করবর্ষে করমুক্ত আয়সীমা আরও বাড়িয়ে সাড়ে ৪ লাখ টাকা করার পরিকল্পনা রয়েছে। যদিও ওই সময়েও সর্বোচ্চ করহার ৩৫ শতাংশই বহাল থাকবে।
অন্যদিকে চলতি অর্থবছরের আয়ের বিপরীতে ২০২৬-২৭ করবর্ষের জন্য করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সময় ঘোষণা করা হয়েছিল।
বাংলাদেশে ব্যক্তিশ্রেণির সর্বোচ্চ আয়কর হার একসময় ৩০ শতাংশ ছিল। পরে আওয়ামী লীগ সরকারের সময়ে তা কমিয়ে ২৫ শতাংশ করা হলেও মেয়াদের শেষদিকে আবার ৩০ শতাংশে উন্নীত করা হয়।
অর্থনীতিবিদদের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে আয়বৈষম্য কমানোর লক্ষ্যে উচ্চ আয়ের মানুষের ওপর বেশি কর আরোপের পক্ষে মত দিয়ে আসছেন। তবে কর বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করেন, যারা নিয়মিত কর পরিশোধ করেন এবং কর ব্যবস্থার প্রতি অনুগত, তাদের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হলে তা নিরুৎসাহিত করার ঝুঁকি তৈরি করতে পারে।
এ অবস্থায় উচ্চ আয়ের ব্যক্তিদের ওপর করহার বৃদ্ধির প্রস্তাব শেষ পর্যন্ত কতটা কার্যকর হয় এবং এর অর্থনৈতিক প্রভাব কী হয়, সেদিকেই নজর থাকবে সংশ্লিষ্ট মহলের।
পাঠকের মন্তব্য