![]()
শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত আসামিদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির সভায় প্রধানমন্ত্রী রামিসা হত্যাকাণ্ডের তদন্ত, অপরাধীদের শনাক্তকরণ এবং গ্রেপ্তারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার প্রশংসা করেন।
তিনি বিশেষভাবে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, একটি নৃশংস ও হৃদয়বিদারক হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত তদন্ত ও অপরাধীদের আইনের আওতায় আনা সরকারের আইনশৃঙ্খলা রক্ষায় দৃঢ় অবস্থানের প্রতিফলন। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, মামলার বিচারিক কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং দোষীরা প্রচলিত আইন অনুযায়ী উপযুক্ত শাস্তি পাবে। একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তদন্ত কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে একই ধরনের পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানান। সভায় উপস্থিত সদস্যরাও এ ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও অপরাধ দমনে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
পাঠকের মন্তব্য