![]()
শিশুদের নিরাপত্তা, মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করা একটি সভ্য ও মানবিক রাষ্ট্রের মৌলিক দায়িত্ব বলে পর্যবেক্ষণ দিয়েছেন ঢাকা মহানগর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যা মামলার রায়ে রোববার ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ মন্তব্য করেন। একইসঙ্গে মামলার দুই আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড এবং যথাক্রমে ৫ লাখ ও ২ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আদালত নির্দেশ দিয়েছেন, অর্থদণ্ডের টাকা ভুক্তভোগী পরিবারের কাছে হস্তান্তর করতে হবে। অর্থ পরিশোধে ব্যর্থ হলে আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রির মাধ্যমে তা আদায় করা হবে।
রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, কোনো শিশু যখন সহিংসতা বা হত্যার মতো গুরুতর অপরাধের শিকার হয়, তখন তা শুধু একটি পরিবারকেই নয়, পুরো সমাজকে গভীরভাবে নাড়া দেয় এবং ন্যায়বিচার ব্যবস্থার কার্যকারিতাকে প্রশ্নের মুখে দাঁড় করায়। আদালত আরও উল্লেখ করেন, এই মামলাটি শুধু একটি ফৌজদারি বিচারিক কার্যক্রম নয়; বরং সমাজের বিবেক, মানবতা, আইনশৃঙ্খলা ব্যবস্থা ও আইনের শাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। বিচারক বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে গঠিত ট্রাইব্যুনালে বর্তমানে এক হাজার আটশর বেশি মামলা বিচারাধীন থাকলেও রামিসা হত্যা মামলার তদন্ত ও বিচার কার্যক্রম তুলনামূলক দ্রুততার সঙ্গে সম্পন্ন হয়েছে, যা ভবিষ্যতের জন্য অনুসরণযোগ্য দৃষ্টান্ত হতে পারে।
রায়ের পর রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু সন্তোষ প্রকাশ করে বলেন, অল্প সময়ের মধ্যে মামলাটির বিচার সম্পন্ন হওয়া বিচার ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। অন্যদিকে ভুক্তভোগী শিশুর বাবা আব্দুল হান্নান মোল্লা রায়ে সন্তুষ্টি প্রকাশ করে দ্রুত তা কার্যকরের দাবি জানান। তিনি বলেন, এ ধরনের নৃশংস ঘটনার দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত হলে ভবিষ্যতে এমন অপরাধ প্রতিরোধে ইতিবাচক প্রভাব পড়বে।
পাঠকের মন্তব্য