![]()
রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তার হত্যা মামলার রায় আজ (রোববার) ঘোষণা করা হবে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় দেবেন।
রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু জানিয়েছেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে তারা মনে করছেন। এজন্য রাষ্ট্রপক্ষ তাদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে।
অন্যদিকে, আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমুল্যাহ ন্যায়বিচারের আশা প্রকাশ করেছেন।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী পঙ্কজ পিটার গোমেজ জানান, রায় ঘোষণা করা হবে সকাল ১১টার দিকে।
এর আগে গত ৪ জুন মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত ৭ জুন রায়ের দিন নির্ধারণ করেন।
মামলার নথি অনুযায়ী, পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা গত ১৯ মে নিখোঁজ হওয়ার পর তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরদিন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা দায়ের করেন।
পুলিশ পরে অভিযুক্ত সোহেল রানা ও স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করে। তদন্ত শেষে ২৪ মে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয় এবং আদালত তা আমলে নেন। এরপর ১ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
মামলায় চার্জশিটভুক্ত ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। দ্রুত বিচারিক কার্যক্রম শেষে আজ বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে।
পাঠকের মন্তব্য