![]()
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন আজ রোববার বিকেল ৩টায় শুরু হচ্ছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পক্ষ থেকে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করা হবে। আগামী ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে বাজেট প্রস্তাব পেশ করবেন।
গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের নতুন সরকারের এটি প্রথম বাজেট অধিবেশন হওয়ায় রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে এর গুরুত্ব অনেক বেশি। ক্ষমতাসীন বিএনপি তাদের সংসদ সদস্যদের বাজেটের ওপর বিস্তারিত আলোচনার জন্য প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে। একইভাবে বিরোধী দলও বাজেটের বিভিন্ন দিক বিশ্লেষণ করে সরকারের নীতি ও কর্মকৌশল নিয়ে সমালোচনা ও পরামর্শ তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে।
সংসদ সচিবালয় জানিয়েছে, এবার সম্পূর্ণ ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বাজেট উপস্থাপন করা হবে। দীর্ঘ মৌখিক বক্তব্যের পরিবর্তে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, মাল্টিমিডিয়া প্রজেক্টর, ডিজিটাল স্ক্রিন ও গ্রাফিক্সের মাধ্যমে বাজেটের আয়-ব্যয়, খাতভিত্তিক বরাদ্দ এবং অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন তথ্য সংসদ সদস্যদের সামনে তুলে ধরা হবে।
জানা গেছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ এবং উচ্চ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নিয়ে প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তুত করা হয়েছে। এটি চলতি অর্থবছরের তুলনায় প্রায় ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার দীর্ঘমেয়াদি লক্ষ্যও এবারের বাজেটে বিশেষ গুরুত্ব পেয়েছে।
সাধারণত বাজেট অধিবেশন দীর্ঘ সময় ধরে চলে থাকে। সংসদ সদস্যদের আলোচনার পর আগামী ৩০ জুন নতুন অর্থবছরের বাজেট পাস হওয়ার কথা রয়েছে। এর আগে চলতি অর্থবছরের সম্পূরক বাজেটও অনুমোদন করা হবে। অধিবেশনের মেয়াদ নির্ধারণে আজ দুপুরে জাতীয় সংসদ ভবনে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।
বাজেট ছাড়াও এবারের অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ বিল উত্থাপন করা হতে পারে। পাশাপাশি বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদের আলোকে সংবিধান সংশোধনের জন্য একটি বিশেষ কমিটি গঠনের উদ্যোগ নিতে পারে। তবে এ বিষয়ে বিরোধী জোট জামায়াতে ইসলামী-এনসিপি এখনো তাদের প্রতিনিধিদের নাম দেয়নি। ফলে বিষয়টি নিয়ে সংসদে রাজনৈতিক বিতর্ক ও উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এ অধিবেশনে বাকি সংসদীয় স্থায়ী কমিটিগুলোও গঠন করা হবে। সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যরা প্রথমবারের মতো বাজেট অধিবেশনে অংশ নেবেন। একই সঙ্গে একজন নারী হুইপ নিয়োগেরও সম্ভাবনা রয়েছে।
অধিবেশনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ। ডিএমপি এক গণবিজ্ঞপ্তিতে জানিয়েছে, সংসদ অধিবেশন চলাকালীন নির্দিষ্ট এলাকায় সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন এবং অস্ত্র বা বিস্ফোরক বহন নিষিদ্ধ থাকবে। অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে।
পাঠকের মন্তব্য