![]()
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে বর্তমান সরকার দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে তৃণমূল ও প্রান্তিক পর্যায় থেকে উন্নয়নের ভিত্তি শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় লালপুর বাজার-এ বাজার উন্নয়ন ও ওয়াশ ব্লক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে। আগামী পাঁচ বছর একই উদ্যম ও অঙ্গীকার নিয়ে দেশকে উন্নয়নের ধারায় এগিয়ে নেওয়ার লক্ষ্য রয়েছে। তিনি জানান, উন্নয়নের সুফল যাতে গ্রাম ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে যায়, সে বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ইতোমধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে এবং সারা দেশে মোট সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষিঋণ অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড কার্যক্রম চালু করা হয়েছে। ধর্মীয় নেতাদের সরকারি বেতন কাঠামোর আওতায় আনার উদ্যোগ এবং দেশব্যাপী খাল খনন কর্মসূচিও শুরু হয়েছে। সরকার পর্যায়ক্রমে সব নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাজদার রহমান। এ সময় বক্তব্য দেন হারুনর রশীদ পাপ্পু এবং নজরুল ইসলাম মোলাম।
এর আগে প্রতিমন্ত্রী লালপুর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ক্লেমন লালপুর ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন। এছাড়া তিনি ঈশ্বরদী-তে বাংলাদেশ কৃষক সমিতি আয়োজিত লিচু উৎসব ও কৃষি বাণিজ্য মেলা পরিদর্শন করেন।
দিনের আরেক কর্মসূচিতে প্রতিমন্ত্রী ধুইপল হিন্দু কল্যাণ পরিষদের আয়োজিত মহানাম যজ্ঞানুষ্ঠানে যোগ দেন এবং সেখানে উপস্থিত ভক্তদের সঙ্গে মতবিনিময় করেন।
পাঠকের মন্তব্য