![]()
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। বুধবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
মিতসুই অ্যান্ড কোং বিশ্বব্যাপী লজিস্টিকস, অবকাঠামো, ধাতু, জ্বালানি, খাদ্য বাণিজ্যসহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করে। বৈঠকে বাংলাদেশে খাদ্য, কৃষি, জ্বালানি, তথ্যপ্রযুক্তি এবং অন্যান্য সম্ভাবনাময় খাতে বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
এ সময় সরকারের পক্ষ থেকে প্রতিনিধিদলকে জানানো হয়, বর্তমান সরকার বিনিয়োগবান্ধব নীতি অনুসরণ করছে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও সম্প্রসারণে সর্বাত্মক সহযোগিতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসা পরিচালনা ও প্রয়োজনীয় অনুমোদন প্রক্রিয়া আরও সহজ করতে বিভিন্ন সরকারি সংস্থার সেবা ‘ওয়ান-স্টপ সার্ভিস’-এর আওতায় একীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে বিনিয়োগ-সংক্রান্ত কার্যক্রম দ্রুত, স্বচ্ছ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করা সম্ভব হবে বলে সরকার আশা প্রকাশ করেছে।
সাক্ষাৎকালে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান এবং অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।
মিতসুই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাকাতো সাতো। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন এশিয়া-প্যাসিফিক বিজনেস ইউনিটের চিফ স্ট্র্যাটেজি অফিসার তাকানোবু মুরায়ামা, মিতসুই বাংলাদেশের কান্ট্রি চেয়ারপারসন কেনইচিরো কাওয়ামোতো এবং ঢাকা শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মনিরুজ্জামান।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
পাঠকের মন্তব্য