![]()
রিপাবলিকান সিনেটরদের তীব্র সমালোচনার মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন প্রায় ১.৮ বিলিয়ন ডলারের ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন’ তহবিল বাতিল করেছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ আইনপ্রণেতাদের এ সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, “আমরা এই তহবিল নিয়ে আর এগোচ্ছি না। এখানেই এর সমাপ্তি।”
তবে ব্লাঞ্চ জানান, ট্রাম্প বা তার পরিবারের অতীত কর-সংক্রান্ত নথিপত্র ভবিষ্যতে আর অডিট করা যাবে না—বিচার বিভাগের সঙ্গে প্রেসিডেন্টের করা এমন একটি চুক্তি এখনো কার্যকর রয়েছে। উল্লেখ্য, কর-সংক্রান্ত নথি ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে ট্রাম্প যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবা (আইআরএস)-এর বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মামলা করেছিলেন। সেই মামলার সমঝোতার অংশ হিসেবেই ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন’ তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল।
তবে রিপাবলিকান আইনপ্রণেতারা আশঙ্কা প্রকাশ করেন, এই তহবিল চালু থাকলে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নিয়ন্ত্রণ কর্মসূচির জন্য প্রয়োজনীয় ৭২ বিলিয়ন ডলারের আইন পাসে জটিলতা তৈরি হতে পারে। এ প্রেক্ষাপটে তহবিলটি নিয়ে প্রশাসনের অবস্থান নিয়ে চাপ বাড়তে থাকে। হোয়াইট হাউস-সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, রিপাবলিকানদের উদ্বেগ দূর করা টড ব্লাঞ্চের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দায়িত্বে পরিণত হয়েছিল।
প্রায় ১.৭৭৬ বিলিয়ন ডলারের এই তহবিল মূলত তাদের ক্ষতিপূরণ দেওয়ার উদ্দেশ্যে প্রস্তাব করা হয়েছিল, যারা সরকারের ক্ষমতার অপব্যবহারের শিকার হয়েছেন বলে দাবি করেন। তবে গত মাসে ব্লাঞ্চ সিনেটরদের কাছে স্পষ্টভাবে প্রতিশ্রুতি দিতে ব্যর্থ হন যে, ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলায় জড়িত ব্যক্তিরা এই তহবিলের সুবিধা পাবেন না। এতে রিপাবলিকানদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই বিরূপ প্রতিক্রিয়ার পর হোয়াইট হাউসের কর্মকর্তারা আইনপ্রণেতাদের আশ্বস্ত করেন যে তহবিল থেকে কোনো অর্থ বিতরণ করা হবে না। যদিও বিচার বিভাগের মুখপাত্র এমিলি কভিংটন বলেন, সরকারের অপব্যবহারের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার লক্ষ্য এখনও প্রশাসনের অগ্রাধিকারের মধ্যে রয়েছে। তবে এ তহবিল নিয়ে ব্যাপক ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ায় তা আর এগিয়ে নেওয়া হচ্ছে না।
মঙ্গলবারের শুনানিতে ডেমোক্র্যাট আইনপ্রণেতারা তহবিলটি পুরোপুরি বাতিল হয়েছে—এমন লিখিত নিশ্চয়তা দাবি করেন। কিন্তু টড ব্লাঞ্চ তা দিতে অস্বীকৃতি জানিয়ে বলেন, তিনি কোনো লিখিত প্রতিশ্রুতি দিতে রাজি নন।
এ সময় ডেমোক্র্যাট প্রতিনিধি রোসা দেলরো ট্রাম্প ও তার ব্যবসাপ্রতিষ্ঠানের ভবিষ্যৎ কর নিরীক্ষা বন্ধের চুক্তি নিয়ে ব্লাঞ্চের কড়া সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, সাবেক ব্যক্তিগত আইনজীবী হিসেবে ট্রাম্পের পক্ষে কাজ করার পর বিচার বিভাগের দায়িত্ব পালন করতে গিয়ে ব্লাঞ্চ কোনো স্বার্থের সংঘাত দেখছেন কি না। জবাবে ব্লাঞ্চ বলেন, এই চুক্তি ট্রাম্পকে কোনো ধরনের ‘সর্বাত্মক দায়মুক্তি’ দেয়নি এবং তিনি স্বার্থের সংঘাতের অভিযোগ প্রত্যাখ্যান করেন।
এদিকে ৬ জানুয়ারির ক্যাপিটল দাঙ্গার ঘটনায় অভিযুক্তদের পক্ষে আইনজীবী পিটার টিকটিন বলেন, তহবিল বাতিলের ঘোষণায় তিনি বা তার মক্কেলরা হতাশ নন। ইতোমধ্যে কয়েকজন আসামির পক্ষে ক্ষতিপূরণ দাবি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তারা এখনো বিশ্বাস করেন যে ভবিষ্যতে ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এ বিষয়ে তারা প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর আস্থা রাখছেন।
পাঠকের মন্তব্য