![]()
ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যয় কমাতে বেসরকারি হাসপাতালগুলোকে বিভিন্ন পরীক্ষার খরচে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ও গাইডলাইন বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ আহ্বান জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসা ব্যয় সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে বেসরকারি হাসপাতালগুলোর সঙ্গে আলোচনা করা হয়েছে। রোগ নির্ণয়ের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষার খরচ উল্লেখযোগ্যভাবে কমানোর বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।
তিনি জানান, ডেঙ্গু রোগীদের পরীক্ষার খরচে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, কোনো রোগীর পরীক্ষার ব্যয় ১০ হাজার টাকা হলে তার মধ্যে সর্বোচ্চ ৮ হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া যেতে পারে।
তবে সব রোগীর ক্ষেত্রে একই ধরনের চিকিৎসা প্রযোজ্য হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, হেমোরেজিক ডেঙ্গুসহ জটিল অবস্থার রোগীদের চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চিকিৎসকদের পরামর্শ এবং রোগীর শারীরিক অবস্থার ভিত্তিতে নির্ধারণ করা হবে।
তিনি আরও বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রতিরোধমূলক ব্যবস্থা, চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে রোগীদের চিকিৎসা সহজলভ্য করার চেষ্টা চলছে।
পাঠকের মন্তব্য