![]()
বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান পূর্বের সময়সূচি পুনর্বহাল করে আজ মঙ্গলবার থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
একই নির্দেশনায় বলা হয়েছে, দেশের সব বিলবোর্ডের বাতি, চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে।
বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। নির্দেশনাটি দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় উল্লেখ করা হয়, পূর্বে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা এবং একই সময়ের মধ্যে বিলবোর্ডের বাতি ও বিভিন্ন মেলা-অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর ছিল। তবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাময়িকভাবে এসব প্রতিষ্ঠান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল।
এখন বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য বিবেচনায় সেই আগের নিয়ম পুনর্বহাল করা হয়েছে। ফলে আজ থেকে দোকানপাট, শপিংমল ও মার্কেট রাত ১০টার পরিবর্তে সন্ধ্যা ৭টার মধ্যেই বন্ধ করতে হবে।
সরকারি নির্দেশনায় আরও বলা হয়েছে, দেশজুড়ে চলমান ও আসন্ন সব ধরনের মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক আয়োজনও একই সময়সীমার মধ্যে শেষ করতে হবে। পাশাপাশি সব ধরনের বিলবোর্ডের বাতি বাধ্যতামূলকভাবে সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখতে হবে।
পাঠকের মন্তব্য