![]()
রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র প্রধান কার্যালয়ের সামনে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে আন্দোলনরত গ্রাহকরা। এবার নবনিযুক্ত চেয়ারম্যানের পাশাপাশি ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদের (বোর্ড) সব সদস্যের পদত্যাগের দাবিও তুলেছেন তারা।
মঙ্গলবার (২ জুন) সকাল থেকেই ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে জড়ো হয়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। বিভিন্ন স্লোগান ও ব্যানার নিয়ে তারা দাবি জানান, ব্যাংকের বর্তমান পরিচালনা কাঠামোয় পরিবর্তন আনা না হলে গ্রাহকদের আমানত ও স্বার্থ ঝুঁকির মুখে পড়বে।
আন্দোলনকারীদের অভিযোগ, নবনিযুক্ত চেয়ারম্যান মো. খুরশীদ আলম বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তাদের দাবি, চেয়ারম্যানের পাশাপাশি বর্তমান বোর্ডে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিদেরও অপসারণ না করলে অতীতের অনিয়ম ও বিতর্ক পুনরায় ফিরে আসতে পারে।
এর আগে সোমবার নতুন চেয়ারম্যানের প্রথম কর্মদিবসে তার নিয়োগ বাতিলের দাবিতে একই স্থানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সে সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে অন্তত ২৫ জন আহত হওয়ার অভিযোগ ওঠে।
আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের আন্দোলন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়; বরং সাধারণ গ্রাহকদের আমানত সুরক্ষা এবং ব্যাংকের স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরিচালনা নিশ্চিত করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।
পাঠকের মন্তব্য