![]()
ইসলামী ব্যাংক বাংলাদেশের নবনিযুক্ত চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগের দাবিতে সোমবার (১ জুন) সকালে রাজধানীর দিলকুশায় ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন সাধারণ গ্রাহকেরা। ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে শত শত গ্রাহক জড়ো হয়ে দাবি করেন, নতুন চেয়ারম্যান খুরশীদ আলম বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের ঘনিষ্ঠ সহযোগী এবং তার দায়িত্ব গ্রহণ ব্যাংকের আমানতকারীদের স্বার্থের জন্য ক্ষতিকর হতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আন্দোলনকারীদের সরে যেতে অনুরোধ করলেও তারা অবস্থান অব্যাহত রাখেন। পরে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে এবং উভয় পক্ষের কয়েকজন আহত হন বলে জানা যায়। ডিএমপির মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী জানান, সকাল সোয়া ৯টার দিকে অভিযান চালিয়ে আন্দোলনকারীদের ব্যাংক ভবনের সামনে থেকে সরিয়ে দেওয়া হয় এবং বর্তমানে ওই এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। উল্লেখ্য, খুরশীদ আলম বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করেছিলেন।
পাঠকের মন্তব্য