![]()
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান–এর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ গঠনের কাজে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার রাজধানীর ইসিবি চত্বর ও কুড়িল এলাকায় দুস্থ মানুষের মাঝে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ কর্মসূচির আগে উপস্থিত জনতার উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতির মূল লক্ষ্য ছিল দেশের সেবা করা এবং মানুষের পাশে দাঁড়ানো। একই সঙ্গে তিনি দেশপ্রেম, দায়িত্ববোধ ও রাষ্ট্রগঠনের যে শিক্ষা দিয়ে গেছেন, তা অনুসরণ করেই দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের আদর্শের অংশ হিসেবেই বিএনপি আজ অসহায় ও দুস্থ মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তিনি আরও বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে জনগণ ও মহান আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব যথাযথভাবে পালন করে দেশ গঠন এবং মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখতে হবে।
তিনি দেশবাসীর কল্যাণ এবং সরকারের সফলতা কামনা করে বলেন, দেশ ও মানুষের জন্য কাজ করার অঙ্গীকারই হোক সবার শপথ।
বক্তব্য শেষে প্রধানমন্ত্রী উপস্থিত দুস্থ মানুষের মধ্যে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করেন।
এর আগে সকালে শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের সমাধি–তে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান তারেক রহমান। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ এবং অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
পরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের টিঅ্যান্ডটি স্কুল মাঠে খাদ্যসামগ্রী বিতরণের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বিএনপির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ঢাকা মহানগরীর ১৭টি স্থানে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ কার্যক্রমে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
পাঠকের মন্তব্য