![]()
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁর মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করে বিএনপির প্রতিষ্ঠাতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং মহিলা, শিশু ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়াও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী অনুষ্ঠানে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদনের পর মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এদিকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন করছে। দিবসটি উপলক্ষে ভোরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। একই সঙ্গে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়।
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, মুক্তিযোদ্ধা দল, ওলামা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিদ্রোহী সেনাসদস্যের হামলায় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। বিএনপি দিনটিকে ‘শাহাদাত দিবস’ হিসেবে পালন করে আসছে।
শাহাদাতবার্ষিকী উপলক্ষে গত ২৫ মে থেকে দেশব্যাপী আট দিনের কর্মসূচি পালন করছে বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এছাড়া মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় দুস্থ মানুষের মাঝে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ১৭টি স্থানে এ মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
পাঠকের মন্তব্য