![]()
কাঁচা চামড়া সরাসরি রপ্তানির পরিবর্তে চামড়া থেকে মূল্য সংযোজিত পণ্য উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
আজ বৃহস্পতিবার (২৮ মে) ঢাকার আমিনবাজার এলাকায় কোরবানির কাঁচা চামড়া ক্রয়-বিক্রয় কার্যক্রম পরিদর্শন শেষে তিনি বলেন, কাঁচা চামড়া রপ্তানির তুলনায় চামড়া থেকে জুতা, বেল্ট ও অন্যান্য পণ্য তৈরি করে বিদেশে রপ্তানি করলে দেশে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন এবং কর্মসংস্থান সৃষ্টি সম্ভব হবে।
মন্ত্রী আরও বলেন, এবার কোরবানির চামড়া পাচারের কোনো আশঙ্কা নেই। সরকারের সার্বক্ষণিক নজরদারির কারণে দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা চামড়া নিরাপদভাবে সংরক্ষণ করা সম্ভব হবে এবং আগের যেকোনো সময়ের তুলনায় বেশি চামড়া ট্যানারিতে পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি জানান, সাভার বিসিক চামড়া শিল্পনগরী–এর সিইটিপি (সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) সমস্যার সমাধানে কাজ চলছে। ভবিষ্যতে দেশের সব কোরবানির চামড়া যথাযথভাবে সংরক্ষণের ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান তিনি।
চামড়া সংরক্ষণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, যারা দ্রুত চামড়ায় লবণ ব্যবহার করে সংরক্ষণ করবেন তারা তুলনামূলক ভালো দাম পাবেন।
এদিকে বিকেল থেকেই সাভারের বিসিক চামড়া শিল্পনগরীর বিভিন্ন ট্যানারি কারখানায় কাঁচা চামড়া প্রবেশ করতে দেখা গেছে।
পাঠকের মন্তব্য