![]()
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী Sardar Md. Sakhawat Hossain জানিয়েছেন, দেশে হামের সংক্রমণ বাড়তে থাকায় ঈদকালীন সময়ে আক্রান্ত শিশুদের চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও জরুরি স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। শনিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, যেসব হাসপাতালে হাম আক্রান্ত শিশু ভর্তি রয়েছে, সেখানে ঈদের ছুটির মধ্যেও চিকিৎসাসেবা চালু থাকবে এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও নার্সদের উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে বলেন, আক্রান্ত শিশুদের যেন ঈদের সময় আত্মীয়-স্বজনের বাড়িতে বেড়াতে নিয়ে যাওয়া না হয় এবং অতিরিক্ত ভিড়যুক্ত স্থান থেকেও দূরে রাখা হয়। তার ভাষায়, হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ এবং সংস্পর্শ, হাঁচি-কাশি ও শ্বাস-প্রশ্বাসের মাধ্যমেও দ্রুত ছড়িয়ে পড়ে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বিশেষজ্ঞদের আশঙ্কা—ঈদে বাস, ট্রেন ও অন্যান্য গণপরিবহনে বাড়তি ভিড়, পারিবারিক যাতায়াত এবং সামাজিক মেলামেশার কারণে সংক্রমণ আরও বাড়তে পারে। বিশেষ করে আক্রান্ত শিশুর সংস্পর্শে সুস্থ শিশু এলে নতুন সংক্রমণের ঝুঁকি অনেক বেড়ে যায়।
সম্প্রতি দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা টিকাদান নিশ্চিত করা, আক্রান্ত শিশুকে আলাদা রাখা, উপসর্গ দেখা দিলে ভ্রমণ এড়িয়ে চলা এবং অপ্রয়োজনীয় জনসমাগম কমানোর ওপর জোর দিচ্ছেন।
পাঠকের মন্তব্য