![]()
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যেই ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচি গ্রহণ করেছেন।
গতকাল ময়মনসিংহের নান্দাইল উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরভেলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি জানান, স্বল্প আয়ের পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের অন্যতম নির্বাচনী অঙ্গীকার। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই সারাদেশে এই কর্মসূচি চালু করা হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, নারীদের আর্থিকভাবে শক্তিশালী করতে এবং নারীপ্রধান পরিবারগুলোকে স্বাবলম্বী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাভোগীরা প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ সহায়তা পাবেন, যা তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে।
তিনি দাবি করেন, এই কার্ড বিতরণে কোনো ধরনের রাজনৈতিক পরিচয়, ধর্ম বা বর্ণ বিবেচনা করা হয়নি। প্রাথমিকভাবে প্রতিটি ইউনিয়নের একটি ওয়ার্ডে কার্যক্রম শুরু করা হয়েছে এবং পর্যায়ক্রমে দেশের সব ইউনিয়নে এটি সম্প্রসারণ করা হবে।
অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত, সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পাঠকের মন্তব্য