![]()
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, দেশে দীর্ঘদিন পর জনগণের ভোটে নির্বাচিত একটি জবাবদিহিমূলক সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। তাঁর মতে, এই সরকারের ক্ষমতায়ন মানেই সাধারণ মানুষের ক্ষমতায়ন, যা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে নাগরিকদের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করছে।
আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিত জনসভায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরকে ঘিরে জনসমাগম ও মানুষের উচ্ছ্বাসকে তিনি অভূতপূর্ব বলে উল্লেখ করেন। মাহদী আমিন বলেন, ‘এই জনসমুদ্র শুধু ফ্যামিলি কার্ড বিতরণের একটি কর্মসূচি নয়, এটি চাঁদপুরবাসীর ভালোবাসা, আবেগ ও আশার এক ঐতিহাসিক প্রকাশ। প্রধানমন্ত্রী যখন লাল বাসে করে আসছিলেন, তখন পথে পথে মানুষের ঢল নামে।’
তিনি আরও বলেন, শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুধু প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য রাস্তায় নেমে আসে, যা বর্তমান সরকারের প্রতি জনগণের আস্থার প্রতিফলন।
সরকারের তিন মাসের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। এর অংশ হিসেবে বিভিন্ন জেলায় কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে।
মাহদী আমিনের মতে, ফ্যামিলি কার্ড শুধু সাময়িক সহায়তা নয়; বরং এটি সামাজিক পরিবর্তনের একটি উদ্যোগ, যেখানে নারীর ক্ষমতায়নকে গুরুত্ব দেওয়া হয়েছে। তাঁর বিশ্বাস, এ উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে একটি স্বনির্ভর সমাজ গড়ে উঠবে।
চাঁদপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত জনসভায় সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
পাঠকের মন্তব্য