![]()
ইবি রিপোর্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ পিএলসি শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে। তবে আলোচিত অর্থবছরে কোম্পানিটি ১৪ কোটি ৬১ লাখ টাকার বেশি নিট লোকসান করেছে।
বুধবার (১৪ অক্টোবর) গুলশান-১-এর মইন সেন্টারে কোম্পানির করপোরেট কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৩১৯তম সভায় লভ্যাংশ ঘোষণা করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
ঘোষণা অনুযায়ী, প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে ৬০ পয়সা করে নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডাররা।
লোকসানে কোম্পানি
কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ফার ইস্ট নিটিংয়ের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ঋণাত্মক ৬৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ৭১ পয়সা।
আলোচিত অর্থবছরে কোম্পানিটির নিট লোকসান হয়েছে ১৪ কোটি ৬১ লাখ ৫০ হাজার ৫৩০ টাকা। বিপরীতে আগের অর্থবছরে ৩৭ কোটি ৪৫ লাখ ৬৩ হাজার ৫৫৩ টাকা নিট মুনাফা করেছিল প্রতিষ্ঠানটি।
এদিকে, ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক ৩ টাকা ৪০ পয়সা। আগের অর্থবছরে এ সূচক ছিল ১ টাকা ৭৫ পয়সা।
কমেছে শেয়ারপ্রতি সম্পদমূল্য
২০২৬ সালের ৩০ জুন শেষে ফার ইস্ট নিটিংয়ের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯ টাকা ২৭ পয়সা। আগের অর্থবছর শেষে এ মূল্য ছিল ২১ টাকা ৩৭ পয়সা।
বার্ষিক সাধারণ সভা ২৩ ডিসেম্বর
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি সভাটি আয়োজন করা হবে।
এজিএমে অংশগ্রহণ ও লভ্যাংশ পাওয়ার যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ নভেম্বর।