![]()
সাকিফ শামীম, এফএসিএইচই, এফএলএমআই
চেয়ারম্যান, সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইকোনমিক রিসার্চ (সিএসইআর)
ম্যানেজিং ডিরেক্টর, ল্যাবএইড হসপিটাল গ্রুপ এবং লাইফপ্লাস গ্রুপ
বাংলাদেশের ২০২৬–২৭ অর্থবছরের বাজেটকে শুধু আয়-ব্যয়ের হিসাব নয়, বরং দেশের দীর্ঘমেয়াদি প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির একটি কৌশলগত রূপরেখা হিসেবে বিবেচনা করা প্রয়োজন। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার চাপ এবং রাজস্ব ঘাটতির পাশাপাশি দেশের লজিস্টিক্স ব্যয়ও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় লজিস্টিক্স ব্যয় মোট উৎপাদন ব্যয়ের প্রায় ১৫–২০ শতাংশ, যা উন্নত অর্থনীতির তুলনায় অনেক বেশি। তাই ঢাকা-চট্টগ্রাম অর্থনৈতিক করিডোর, বন্দর সংযোগ, রেলভিত্তিক কন্টেইনার পরিবহন, কোল্ড চেইন ও মাল্টিমোডাল পরিবহন ব্যবস্থায় বিনিয়োগ বাড়িয়ে সরবরাহ ব্যবস্থাকে আরও দক্ষ ও ব্যয়-সাশ্রয়ী করা জরুরি।
নতুন বাজেটে ডিজিটাল গভর্নেন্সকে অর্থনৈতিক সংস্কারের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে বিবেচনা করা প্রয়োজন। বর্তমানে ভ্যাট, কর, কাস্টমস ও ব্যবসা নিবন্ধনের অনেক সেবা ডিজিটাল হলেও সেগুলোর মধ্যে পূর্ণাঙ্গ সমন্বয় এখনও গড়ে ওঠেনি। AI-ভিত্তিক কর নিরীক্ষা, ই-ইনভয়েসিং এবং সমন্বিত ডিজিটাল প্রশাসন চালু করা গেলে প্রশাসনিক ব্যয় কমবে, স্বচ্ছতা বাড়বে এবং রাজস্ব আহরণ আরও কার্যকর হবে। পাশাপাশি ৫জি অবকাঠামো, ডাটা সেন্টার, ক্লাউড সেবা ও সাইবার নিরাপত্তায় বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে “একটি সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ” বাস্তবায়নের ভিত্তি আরও শক্তিশালী করা সম্ভব। একইসাথে স্টার্টআপ, ফিনটেক ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী খাতকে কর-সুবিধা ও নীতিগত সহায়তা দেওয়া প্রয়োজন।
এছাড়াও, ডিজিটাল অর্থনীতি ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে মানবসম্পদ উন্নয়ন এবং কার্যকর বাজেট বাস্তবায়নের বিকল্প নেই। তৈরি পোশাক খাতের বাইরে ফার্মাসিউটিক্যালস, আইসিটি, কৃষি-প্রক্রিয়াজাত শিল্প ও স্বাস্থ্যসেবা খাতকে উৎসাহিত করার মাধ্যমে রপ্তানি বহুমুখীকরণ জরুরি। একইসাথে কারিগরি শিক্ষা, AI, ডাটা অ্যানালিটিক্স, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ও সাইবার নিরাপত্তাভিত্তিক দক্ষতা উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে। স্বচ্ছতা, ডিজিটাল মনিটরিং এবং বাস্তবভিত্তিক বাস্তবায়নের মাধ্যমে লজিস্টিক্স দক্ষতা, ডিজিটাল গভর্নেন্স, প্রযুক্তি বিনিয়োগ ও দক্ষ মানবসম্পদের সমন্বয় ঘটাতে পারলেই বাংলাদেশ আগামী দশকে আরও প্রতিযোগিতামূলক ও শক্তিশালী অর্থনৈতিক অবস্থানে পৌঁছাতে সক্ষম হবে বলে আমি মনেকরি।
পাঠকের মন্তব্য