![]()
চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত সৌদি আরবে মোট ১৩২টি হজ ফ্লাইটে ৫১ হাজার ৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী পৌঁছেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হজ অফিস-এর পরিচালক মো. লোকমান হোসেন জানান, এসব ফ্লাইট জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
হজ বুলেটিন অনুযায়ী, এ পর্যন্ত দুইজন নারীসহ মোট ১২ জন হজযাত্রী মারা গেছেন, যাদের মধ্যে ১০ জন মক্কায় এবং ২ জন মদিনায় মৃত্যুবরণ করেন। একই সময়ে সৌদি মেডিকেল টিম ২২ হাজার ৯৯৮ জন হজযাত্রীকে সরাসরি চিকিৎসাসেবা দিয়েছে এবং আইটি হেল্পডেস্কের মাধ্যমে আরও ১৪ হাজার ৮৬৯ জন সেবা পেয়েছেন।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৬৬০টি এজেন্সি হজ কার্যক্রম পরিচালনা করছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস—এই তিনটি বিমান সংস্থা হজযাত্রী পরিবহন করছে। এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সবচেয়ে বেশি ২৪ হাজার ৬৩৭ জন, সৌদি এয়ারলাইন্সে ১৮ হাজার ৪৮৮ জন এবং ফ্লাইনাসে ৮ হাজার ৪৫৬ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন।
অবশিষ্ট প্রায় ২৬ হাজার ৭৯২ জন হজযাত্রী পর্যায়ক্রমে নির্ধারিত ফ্লাইটের মাধ্যমে সৌদি আরবে যাবেন। এর আগে ১৭ এপ্রিল প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়, যা হজ যাত্রার আনুষ্ঠানিক সূচনা করে। কর্তৃপক্ষ জানিয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে হজ অনুষ্ঠিত হবে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ ফ্লাইট ৩০ জুন পর্যন্ত চলবে।
পাঠকের মন্তব্য