![]()
মাদক, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে দেশব্যাপী যৌথ অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, গত ১ মে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারা দেশে বিশেষ অভিযান শুরু করেছে এবং এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে।
আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-এর সম্মেলন কক্ষে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির প্রথম সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, ড. খলিলুর রহমান, আসাদুল হাবিব দুলু এবং শামা ওবায়েদ ইসলামসহ জাতীয় কমিটির অন্যান্য সদস্যরা।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নয়, পুলিশ, র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও এই অভিযানে অংশ নিচ্ছে। তিনি উল্লেখ করেন, দেশে মাদকের বিস্তার দীর্ঘদিনের সমস্যা এবং এটি মোকাবিলায় সরকার সমন্বিত ও জোরালো পদক্ষেপ নিয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান অভিযানে মাদকসেবীদের চেয়ে বড় মাদক চোরাচালানকারী ও সীমান্তপথে মাদক আনার সঙ্গে জড়িতদের অগ্রাধিকার দিয়ে আটক করা হচ্ছে। তার ভাষায়, সীমান্তভিত্তিক চক্র ও বড় কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার মাধ্যমেই মাদক নিয়ন্ত্রণে কার্যকর অগ্রগতি সম্ভব হবে।
পাঠকের মন্তব্য