![]()
বুধবার ভোরে হরমুজ প্রণালি সংলগ্ন এলাকায় একটি কন্টেইনার জাহাজে হামলা চালিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর একটি গানবোট। এ তথ্য নিশ্চিত করেছে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (UKMTO)।
ইউকেএমটিও জানায়, কোনো ধরনের আগাম সতর্কতা ছাড়াই গানবোটটি জাহাজটির কাছে গিয়ে সরাসরি গুলিবর্ষণ শুরু করে। এতে জাহাজটির ব্রিজ অংশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।
তবে হামলার পরও জাহাজের সব নাবিক নিরাপদ রয়েছেন এবং কোনো অগ্নিকাণ্ড বা পরিবেশগত ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে জানানো হয়েছে। আক্রান্ত জাহাজটির নাম, পতাকা বা সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
সাম্প্রতিক সময়ে এই গুরুত্বপূর্ণ নৌপথে উত্তেজনা বাড়ছে। এর আগে গত শনিবার ভারত জানিয়েছিল, তাদের দুটি পতাকাবাহী জাহাজও একই এলাকায় হামলার শিকার হয়েছে।
উল্লেখ্য, আইআরজিসি আগেই সতর্ক করেছিল—ইরানের ওপর থেকে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার না করা হলে এই গুরুত্বপূর্ণ জলপথে চলাচল ব্যাহত করা হতে পারে। ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালিতে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে।
পাঠকের মন্তব্য