![]()
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল-কে ভারত থেকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ পুনর্ব্যক্ত করেছে ঢাকা। একই সঙ্গে শহীদ ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের দেশে ফেরত পাঠাতে দুই দেশ ঐকমত্যে পৌঁছেছে।
বুধবার (৮ এপ্রিল) নয়াদিল্লি-তে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল-এর সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন।
আলোচনায় উভয় দেশ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুতে মতবিনিময়ের ওপর গুরুত্বারোপ করে।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, তারেক রহমান নেতৃত্বাধীন সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতে পারস্পরিক আস্থা ও সম্মানের ওপর নির্ভর করে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে।
তিনি শহীদ ওসমান হাদির সন্দেহভাজনদের গ্রেপ্তারের জন্য ভারতকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাদের বাংলাদেশে ফেরত পাঠাতে দুই পক্ষই একমত হয়েছে।
ভারতীয় পক্ষ জানায়, চিকিৎসা ও ব্যবসায়িক প্রয়োজনে বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা হবে। এছাড়া ড. খলিলুর রহমান ভারতের ডিজেল সরবরাহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে সরবরাহ বাড়ানোর অনুরোধ জানান, যা ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন হরদীপ সিং পুরি।
উভয় দেশ গুরুত্বপূর্ণ ইস্যুতে সংলাপ অব্যাহত রেখে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে একমত হয়েছে।
পাঠকের মন্তব্য