![]()
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, খুব শিগগিরই দলকে কাউন্সিলের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হবে।
শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
নির্বাচনের পর এই প্রথম স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
মির্জা ফখরুল বলেন, কীভাবে দ্রুত দলের কাউন্সিল আয়োজন করা যায়, সে বিষয়েই বৈঠকে মূল আলোচনা হয়েছে।
তিনি আরও জানান, বৈঠকটি ছিল পুরোপুরি সাংগঠনিক। নিয়মিত কার্যক্রম সচল রাখা এবং সরকার গঠনের পর গৃহীত কর্মসূচিগুলো নিয়ে দলের চেয়ারম্যান স্থায়ী কমিটির সদস্যদের মতামত নিয়েছেন। পাশাপাশি সদস্যরাও বিভিন্ন বিষয়ে নিজেদের পরামর্শ তুলে ধরেন।
বৈঠকে দলের সাংগঠনিক কার্যক্রম বিস্তারের বিষয়েও আলোচনা হয় বলে জানান তিনি।
কোরবানির ঈদের আগে কাউন্সিল হওয়ার সম্ভাবনা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কাউন্সিল আয়োজনের সম্ভাবনা কম। সব প্রস্তুতি সম্পন্ন করতে অন্তত কয়েক মাস সময় প্রয়োজন হবে।
সংসদীয় মহিলা আসন নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও তিনি উল্লেখ করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান (ভার্চুয়াল), মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান (ভার্চুয়াল) এবং অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
অন্যদিকে, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকায় বৈঠকে অংশ নিতে পারেননি দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
পাঠকের মন্তব্য