![]()
ইবি রিপোর্ট
দেশের ব্যাংক খাতে আমানতের পরিমাণ এক বছরে প্রায় আড়াই লাখ কোটি টাকা বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ২১ লাখ ৬২ হাজার ৫২৮ কোটি ৬০ লাখ টাকা। আগের বছরের একই সময়ের তুলনায় এ প্রবৃদ্ধি ১২ দশমিক ৯৪ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৫ সালের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে আমানতের পরিমাণ ছিল ১৯ লাখ ১৪ হাজার ৭৪৪ কোটি ৫০ লাখ টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে আমানত বেড়েছে ২ লাখ ৪৭ হাজার ৭৮৪ কোটি ১০ লাখ টাকা। এ ছাড়া চলতি বছরের আগস্টের তুলনায় সেপ্টেম্বরে আমানত বেড়েছে ৩০ হাজার ৭ কোটি ৩০ লাখ টাকা।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, ব্যাংক খাতে আমানত বৃদ্ধির পেছনে গ্রাহকদের আস্থা ফিরে আসার প্রভাব রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সংস্কার উদ্যোগ এবং সমস্যাগ্রস্ত কয়েকটি ব্যাংকের আমানত ফেরত দেওয়ার কার্যক্রম এ ক্ষেত্রে ভূমিকা রাখছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে বলেন, কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন উদ্যোগের কারণে ব্যাংক খাতে সাধারণ মানুষের আস্থা ফিরতে শুরু করেছে। সমস্যায় থাকা কয়েকটি ব্যাংক আমানতকারীদের অর্থ ফেরত দিতে শুরু করায় ইতিবাচক প্রভাব পড়েছে।
তিনি জানান, ব্যাংক খাতে স্থিতিশীলতা ও সুশাসন প্রতিষ্ঠায় সমন্বিত সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এরই মধ্যে ১৫টি ব্যাংকের সম্পদের গুণগত মান পর্যালোচনা বা অ্যাসেট কোয়ালিটি রিভিউ সম্পন্ন হয়েছে। বিশ্বব্যাংকের সহায়তায় অন্য ব্যাংকগুলোর মূল্যায়ন কার্যক্রমও এগিয়ে চলছে।
এদিকে আমানতের তুলনায় ব্যাংকগুলোর ঋণ বিতরণে প্রবৃদ্ধি হয়েছে কম। সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর বিতরণ করা ঋণ ও অগ্রিমের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ১১ হাজার ৯৪৪ কোটি ৩০ লাখ টাকা। এক বছরের ব্যবধানে এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৯৬ শতাংশ।
অন্যদিকে সরকারি সিকিউরিটিজ ও অন্যান্য আর্থিক উপকরণে ব্যাংকগুলোর বিনিয়োগ এক বছরে ৩১ দশমিক ৩১ শতাংশ বেড়ে ৭ লাখ ৬৭ হাজার ৭৩১ কোটি টাকায় দাঁড়িয়েছে।
ব্যাংকভেদে আমানত বৃদ্ধির হারেও পার্থক্য দেখা গেছে। ২০২৫ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ব্র্যাক ব্যাংকের আমানত ১৬ শতাংশ বেড়ে ১ লাখ ৩ হাজার ৯১ কোটি টাকা ছাড়িয়েছে। একই সময়ে সিটি ব্যাংকের আমানত ২২ দশমিক ৬ শতাংশ বেড়ে হয়েছে ৭৭ হাজার ৪১২ কোটি টাকা। ব্যাংক এশিয়ার আমানতও প্রথম নয় মাসে ১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৩ হাজার ৩০৮ কোটি টাকা।
অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)-এর চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিনগণমাধ্যমকে বলেন, এক বছরে ব্যাংক খাতে প্রায় ১৩ শতাংশ আমানত বৃদ্ধি গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারের উৎসাহব্যঞ্জক লক্ষণ। তবে সব ব্যাংকে আমানত বৃদ্ধির হার এক নয়। গ্রাহকরা এখন তুলনামূলক ভালো সুশাসন ও আর্থিক ভিত্তিসম্পন্ন ব্যাংককে বেশি গুরুত্ব দিচ্ছেন।
তিনি বলেন, আমানতকারীদের পূর্ণ আস্থা ফিরিয়ে আনতে সুশাসন, সম্পদের গুণগত মান এবং আর্থিক শৃঙ্খলার ধারাবাহিক উন্নতি প্রয়োজন।
এসবিএসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরী গণমাধ্যমকে বলেন, ব্যাংক খাতে আস্থা ফেরাতে শুধু তারল্য সহায়তা যথেষ্ট নয়। করপোরেট সুশাসন, স্বচ্ছ আর্থিক প্রতিবেদন, ঋণ আদায়, পর্যাপ্ত মূলধন সংরক্ষণ এবং অনিয়মের জন্য দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আমানত বাড়ার পাশাপাশি গ্রাহকরা প্রয়োজনের সময় সহজে টাকা তুলতে পারছেন কি না, মেয়াদি আমানত ফেরত পাচ্ছেন কি না এবং চেক ও এটিএম সেবা স্বাভাবিক থাকছে কি না, সেটিও দেখতে হবে। বিশেষ করে আর্থিক সংকটে থাকা ব্যাংকগুলোর ক্ষেত্রে এসব সেবা নির্বিঘ্ন রাখা আস্থা পুনরুদ্ধারের বড় পরীক্ষা।
বিশ্লেষকদের মতে, আমানত বৃদ্ধির ধারা ধরে রাখার পাশাপাশি উৎপাদনশীল খাতে ঋণপ্রবাহ বাড়ানো প্রয়োজন। এতে বেসরকারি বিনিয়োগ, শিল্প সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাংক খাতের ভূমিকা আরও বাড়তে পারে।
পাঠকের মন্তব্য