![]()
ইবি রিপোর্ট
রাজধানীতে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস ও নাশকতা ঠেকানো এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। আগামী ১ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত মহানগরীর প্রতিটি প্রশাসনিক ওয়ার্ডে প্রতিদিন নাগরিক সমাবেশসহ মিছিল, সভা ও গণসংযোগ চালাবে দলটি।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি জানান, কেন্দ্রীয় সংগঠনের ঘোষিত ৪০ দিনের কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে ঢাকা মহানগরী উত্তর নিজস্বভাবে আরও ৬০ দিনের কর্মসূচি যুক্ত করেছে। এতে সব মিলিয়ে ১০০ দিনের কর্মসূচি পালন করা হবে।
সেলিম উদ্দিন বলেন, নিরাপদ রাজধানী গড়ে তোলার লক্ষ্যে ১ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মহানগরীর প্রতিটি প্রশাসনিক ওয়ার্ডে প্রতিদিন একটি করে বড় নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব আয়োজনে দল-মত, জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানানো হবে। প্রতিটি সমাবেশকে ঘিরে একাধিক মিছিল, সভা ও গণসংযোগও করা হবে।
তিনি আরও জানান, জামায়াতের শ্রমিক, পেশাজীবী ও নারী সংগঠনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এসব কর্মসূচিতে যুক্ত হবেন। রমজান মাসে ধর্মীয় মর্যাদা বজায় রেখে ইফতার মাহফিল ও গণসংযোগের আয়োজন করা হবে। ফেব্রুয়ারি শেষে মার্চ মাসে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানান জামায়াতের এই নেতা। তাঁর ভাষ্য, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। নাগরিকদের জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
বিএনপি সরকার ও বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার বিষয়ে সরকারের বক্তব্যের সঙ্গে মাঠপর্যায়ে সাধারণ মানুষের নিরাপত্তাবোধের যেন পার্থক্য তৈরি না হয়। সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতা বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরে সেলিম উদ্দিন বলেন, সব ধরনের সহিংসতা ও নাশকতার নিরপেক্ষ তদন্তের পাশাপাশি দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে সবাইকে আইনের আওতায় আনতে হবে। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে পেশাদারত্বের সঙ্গে কাজের পরিবেশ দিতে হবে। চাঁদাবাজি, দখলদারত্ব, সন্ত্রাস ও রাজনৈতিক সহিংসতা প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে জনগণের জানমাল, ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতার বিরোধিতা করে তিনি বলেন, বৈধ রাজনীতি, মতপ্রকাশ এবং আন্দোলন-সংগ্রাম করার অধিকার সবার রয়েছে। কিন্তু এসব অধিকার প্রয়োগের নামে সন্ত্রাস, বোমাবাজি, অস্ত্রবাজি কিংবা সাধারণ মানুষের ওপর হামলা গ্রহণযোগ্য নয়। কোনো রাজনৈতিক পরিচয় অপরাধের দায় থেকে কাউকে অব্যাহতি দিতে পারে না।
জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে সেলিম উদ্দিন বলেন, সরকার সনদে স্বাক্ষর করেছিল এবং জনগণকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিল। ভোটারদের প্রায় ৭০ শতাংশ এর পক্ষে রায় দিলেও রাষ্ট্রীয় সংস্কারের উদ্যোগে সরকার আগ্রহ দেখাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংসদে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠার চেষ্টার কথাও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, জাতীয় সংকট মোকাবিলায় জনগণকে ঐক্যবদ্ধ করতে হলে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে। সংসদে জুলাই সংস্কার পরিষদের শপথ নিয়ে সনদের বিষয়গুলো কার্যকর করতে হবে। পাশাপাশি রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো, আইনশৃঙ্খলা ও বিচারব্যবস্থায় সংস্কার আনতে হবে।
সরকারের সঙ্গে গঠনমূলক সহযোগিতার নীতিতে বিশ্বাসী জানিয়ে তিনি বলেন, জনগণের অধিকার, নিরাপত্তা, ন্যায়বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে কোনো ধামাচাপা কিংবা গড়িমসি মেনে নেওয়া হবে না।
নগরবাসীকে শান্ত ও সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেন। উসকানি ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি কাউকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান। অপরাধ ও অন্যায়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার কথাও বলেন তিনি।
সংবাদ সম্মেলনে নাগরিকদের জন্য একটি ডিজিটাল অ্যাপ তৈরির উদ্যোগের কথাও জানান সেলিম উদ্দিন। তাঁর দাবি, অ্যাপটির মাধ্যমে ঘরে বসেই কয়েক ডজন সেবা পাওয়া যাবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে পরে আরেকটি সংবাদ সম্মেলন করা হবে। এ ছাড়া সচেতনতামূলক আরও কয়েকটি প্রচারাভিযানের প্রস্তুতি চলছে।
সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর নায়েবে আমির আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর নায়েবে আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত ও প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারসহ অন্য নেতারা।
পাঠকের মন্তব্য