![]()
ইবি রিপোর্ট
ব্যবসা কিংবা আয়বর্ধক কাজ শুরু করতে অর্থের অভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য ঋণের নতুন সুযোগ তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। প্রান্তিক জনগোষ্ঠী, ক্ষুদ্র উদ্যোক্তা, শ্রমজীবী মানুষ ও শিক্ষার্থীদের ব্যাংকিং ব্যবস্থার আওতায় আনতে ১ হাজার ৫০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ তহবিলের আওতায় ব্যক্তিপর্যায়ে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ পাওয়া যাবে। এর মধ্যে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণের জন্য কোনো জামানত দিতে হবে না।
বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, ব্যাংকগুলো বার্ষিক ১ শতাংশ সুদে পুনঃ অর্থায়ন সুবিধা পাবে। এরপর গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ বিতরণ করবে তারা। দলগতভাবে ঋণ নেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে ৪০ লাখ টাকা। ঋণের মেয়াদ হবে পাঁচ বছর।
এ বিষয়ে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে নির্দেশনাটি পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, স্বল্প আয়ের পেশাজীবী, নারী উদ্যোক্তা, শিক্ষার্থী ও প্রবাসী পরিবারের সদস্যদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষও এ সুবিধা পাবেন। মোট ঋণের অন্তত ২৫ শতাংশ নারীদের জন্য বরাদ্দ রাখতে হবে।
বাংলাদেশ ব্যাংকের ভাষ্য অনুযায়ী, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে আয়বর্ধক কাজে যুক্ত করাই এ উদ্যোগের লক্ষ্য। এর মাধ্যমে তাঁদের জীবনমান উন্নয়ন এবং আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
কারা পাবেন এই ঋণ
নতুন ঋণ কর্মসূচিতে পাড়া, মহল্লা ও গ্রামভিত্তিক অতিক্ষুদ্র এবং ক্ষুদ্র উদ্যোক্তারা অগ্রাধিকার পাবেন। এ তালিকায় রয়েছেন জেলে, চর্মকার, স্বর্ণকার, ফেরিওয়ালা, কামার, কুমার ও দরজি। রিকশাচালক, ভ্যানচালক, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, রংমিস্ত্রি ও প্লাম্বাররাও ঋণের যোগ্য হবেন।
এ ছাড়া ইলেকট্রিক ও ইলেকট্রনিকস যন্ত্র মেরামতকারী, আচার ও পিঠা প্রস্তুতকারী, ক্ষুদ্র তাঁতি এবং চা-শ্রমিকদের জন্যও ঋণের সুযোগ রয়েছে।
মুদি ও মনিহারি পণ্যের দোকানি, ভ্রাম্যমাণ কাপড় ব্যবসায়ী, মোবাইল রিচার্জ ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের এজেন্টরা আবেদন করতে পারবেন। তথ্যসেবা ও ইন্টারনেট সেবাদাতা, ভাসমান খাবার বিক্রেতা, চা-পান বিক্রেতা এবং বই-পত্রিকা বিক্রেতারাও এ সুবিধা পাবেন।
ফুল, ফল ও শাকসবজি বিক্রেতা এবং হাঁস-মুরগি ও গবাদিপশু পালনকারীদেরও ঋণের আওতায় রাখা হয়েছে।
প্রচলিত ব্যবসার বাইরেও ফ্রিল্যান্সিং, নার্সারি, বৃক্ষরোপণ, সূচিশিল্প, ব্লক-বাটিক ও কুটিরশিল্পে যুক্ত ব্যক্তিরা ঋণ পাবেন। হস্তশিল্প, বিভিন্ন ধরনের খাবার তৈরি এবং সম্ভাবনাময় উদ্ভাবনী কর্মকাণ্ডেও এ সুবিধা পাওয়া যাবে। আয়বর্ধক কর্মকাণ্ড পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত ভিডিপি সদস্যদের ঋণ দেওয়ার সুযোগও রয়েছে।
কৃষকদের মধ্যে স্মার্ট কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের অগ্রাধিকার দেওয়া হবে। তাঁদের ১০ টাকার ব্যাংক হিসাব থাকতে হবে। তবে স্মার্ট কার্ড না থাকা প্রান্তিক ও ভূমিহীন কৃষকেরাও যেন ঋণ থেকে বাদ না পড়েন, সে বিষয়ে ব্যাংকগুলোকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
নদীভাঙন, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, বন্যা, খরা, মঙ্গা, অগ্নিকাণ্ড ও ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরাও অগ্রাধিকার পাবেন। ভবনধস ও করোনার মতো মহামারিতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী এবং স্বল্প আয়ের পেশাজীবীরাও এ সুবিধা পাবেন।
উপকূলীয়, চর ও হাওর এলাকার স্বল্প আয়ের মানুষ, ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং অনগ্রসর জনগোষ্ঠীর সদস্যদেরও ঋণের আওতায় রাখা হয়েছে।
প্রবাসীদের রেমিট্যান্স সুবিধাভোগী পরিবারের সদস্য এবং বিদেশফেরত শ্রমিকেরা অগ্রাধিকার পাবেন। তাঁদের পরিবারের সদস্যরাও এ সুবিধা নিতে পারবেন। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের গ্রাহকেরা যেকোনো আয়বর্ধক কাজে যুক্ত হওয়ার জন্য ঋণ পাবেন।
শিক্ষার্থীদের জন্যও থাকছে ঋণ
শিক্ষার্থীদের জন্যও নতুন কর্মসূচিতে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। শিক্ষাজীবন থেকে ঝরে পড়া শিক্ষার্থীসহ সুবিধাবঞ্চিত ও অসচ্ছল ২৫ বছর বয়স পর্যন্ত স্টুডেন্ট ব্যাংকিং হিসাবধারীরা ঋণ নিতে পারবেন।
বৃত্তিমূলক, কারিগরি ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন প্রশিক্ষণের খরচ মেটাতে এ ঋণ দেওয়া হবে। তবে এ ক্ষেত্রে অভিভাবককে ঋণ পরিশোধের নিশ্চয়তা দিতে হবে।
এ ছাড়া এমবিবিএস, বিডিএস ও প্রকৌশলসহ উচ্চশিক্ষার ব্যয় নির্বাহেও ঋণ পাওয়া যাবে। প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী কেনার জন্যও অর্থ নেওয়া যাবে। এসব ক্ষেত্রেও অভিভাবকের পরিশোধের নিশ্চয়তা বাধ্যতামূলক।
একক ঋণ ১০ লাখ, দলগতভাবে ৪০ লাখ
একজন গ্রাহক কিংবা অতিক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তা সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ নিতে পারবেন। অন্যদিকে দলগত ঋণের সর্বোচ্চ সীমা ৪০ লাখ টাকা।
দলগত ঋণের জন্য দুই থেকে পাঁচজন সদস্য নিয়ে দল গঠন করতে হবে। প্রত্যেক সদস্য সর্বোচ্চ ৮ লাখ টাকা ঋণ পাবেন। দলের সব সদস্য ব্যক্তিগত ও যৌথভাবে ব্যাংকের কাছে দায়বদ্ধ থাকবেন।
ঋণ পেতে গ্রাহকের ১০, ৫০ অথবা ১০০ টাকার ব্যাংক হিসাব থাকতে হবে। আগে থেকে হিসাব না থাকলে নতুন করে খুলতে হবে। অনুমোদিত ঋণের অর্থ সরাসরি গ্রাহকের ব্যাংক হিসাবে জমা দেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ৫ লাখ টাকা পর্যন্ত ঋণে জামানত প্রয়োজন হবে না। তবে এর বেশি ঋণের ক্ষেত্রে ব্যাংক ও গ্রাহকের সম্পর্ক বিবেচনায় যৌক্তিক সহায়ক জামানত নেওয়া যাবে।
এ ছাড়া ২৫ হাজার টাকা বা তার বেশি ঋণের ক্ষেত্রে ব্যাংক নিজস্ব বিবেচনায় বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি স্কিম ব্যবহার করতে পারবে। তবে এ জন্য প্রয়োজনীয় গ্যারান্টি ফি ব্যাংককে নিজস্ব উৎস থেকে দিতে হবে।
সুদের হার সর্বোচ্চ ৭ শতাংশ
শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোও এ কর্মসূচির আওতায় ঋণ বিতরণ করতে পারবে। তবে তাদের আদায় করা মুনাফার হার বার্ষিক ৭ শতাংশের বেশি হতে পারবে না।
ঋণ পরিশোধের জন্য সর্বোচ্চ পাঁচ বছর বা ৬০ মাস সময় পাবেন গ্রাহক। এর মধ্যে সর্বোচ্চ ছয় মাস গ্রেস পিরিয়ড বা কিস্তি পরিশোধে বিরতি দেওয়া যাবে।
গ্রেস পিরিয়ড বাদ দিয়ে ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের কাছে ত্রৈমাসিক কিস্তিতে আসল, সুদ বা মুনাফা এবং সার্ভিস চার্জ পরিশোধ করতে হবে। গ্রাহকের ক্ষেত্রে মাসিক, ত্রৈমাসিক, ছয় মাস অন্তর অথবা বার্ষিক কিস্তি নির্ধারণ করতে পারবে ব্যাংক।
ঋণ অনুমোদনের আগে গ্রাহকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা সিআইবি প্রতিবেদন সংগ্রহ করতে হবে। তবে ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ বা বিনিয়োগের ক্ষেত্রে এ প্রতিবেদন সংগ্রহের জন্য গ্রাহকের কাছ থেকে কোনো চার্জ বা ফি নেওয়া যাবে না।
যেভাবে আবেদন ও ঋণ বিতরণ
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যাংকগুলো বিভিন্ন মাধ্যমে এ ঋণ বিতরণ করতে পারবে। নিজস্ব শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং অনলাইন ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ঋণ পাওয়া যাবে।
এজেন্ট ব্যাংকিং কিংবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ঋণ বিতরণ ও আদায়ে ব্যাংকের পরিচালনা পর্ষদ অনুমোদিত সার্ভিস চার্জ নেওয়া যাবে।
তবে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত শিডিউল অব চার্জেসের বাইরে প্রসেসিং ফি হিসেবে গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না।
ঋণ বিতরণ, আদায় এবং অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে ব্যাংকগুলোকে নিয়মিত তদারকি করতে হবে। এ কার্যক্রমের প্রতিবেদন প্রতি তিন মাস পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে।
পাঠকের মন্তব্য