![]()
ইবি রিপোর্ট
সড়ক দুর্ঘটনায় প্রাণহানি, অঙ্গহানি কিংবা গুরুতর আহত হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়াতে আর্থিক সহায়তা দেবে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। এ সুবিধার আওতায় শুধু যাত্রী বা পথচারী নন, দুর্ঘটনায় নিহত কিংবা আহত চালকরাও বিআরটিএ ট্রাস্টি বোর্ডের তহবিল থেকে সহায়তা পাওয়ার যোগ্য হবেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে এই সুবিধা পাওয়ার সুযোগ থাকবে না।
শনিবার (৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিআরটিএ। সংস্থাটি জানিয়েছে, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা পেতে দুর্ঘটনার তারিখ থেকে ৯০ দিনের মধ্যে আবেদন করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সহায়তা পাওয়ার জন্য ফরম-৩২ পূরণ করে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বরাবর আবেদন জমা দিতে হবে। চাইলে অনলাইনেও বাংলাদেশ সেবা পোর্টালের (বিএসপি) মাধ্যমে আবেদন করা যাবে। তবে বিধিমালা অনুযায়ী দুর্ঘটনার ৯০ দিন পার হয়ে গেলে আর আবেদন করার সুযোগ থাকবে না।
বিআরটিএর বিজ্ঞপ্তিতে দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির ধরন অনুযায়ী আর্থিক সহায়তার পরিমাণও উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, সড়ক দুর্ঘটনায় কোনো ব্যক্তির মৃত্যু হলে তাঁর জন্য অন্যূন ৫ লাখ টাকা সহায়তা দেওয়া হবে। আর দুর্ঘটনায় অঙ্গহানি ঘটলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি পাবেন অন্যূন ৩ লাখ টাকা।
এ ছাড়া গুরুতর আহত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা না থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি অন্যূন ৩ লাখ টাকা আর্থিক সহায়তা পাবেন। অন্যদিকে, গুরুতর আহত হলেও স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা থাকলে তাঁকে অন্যূন ১ লাখ টাকা সহায়তা দেওয়া হবে।
অর্থাৎ, দুর্ঘটনার পরিণতি ও ক্ষতির মাত্রা বিবেচনায় চার ধরনের আর্থিক সহায়তার ব্যবস্থা রেখেছে বিআরটিএ। মৃত্যুর ঘটনায় সর্বনিম্ন সহায়তা ৫ লাখ টাকা, অঙ্গহানিতে ৩ লাখ টাকা, স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা না থাকা গুরুতর আহতদের ৩ লাখ টাকা এবং সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা থাকা গুরুতর আহতদের জন্য ১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, আবেদন যাচাই-বাছাইয়ের পর অনুমোদিত আর্থিক সহায়তার অর্থ সরাসরি আবেদনকারীর ব্যাংক হিসাবে পাঠানো হবে। এ অর্থ চেকের মাধ্যমে প্রদান করা হবে।
বিআরটিএর এই সহায়তা ব্যবস্থার আওতায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যেকোনো ব্যক্তি আবেদন করতে পারবেন। চালকদেরও এই সুবিধার অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে সহায়তা পেতে দুর্ঘটনার পর ৯০ দিনের সময়সীমা মেনে ফরম-৩২ অথবা বিএসপির মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।
পাঠকের মন্তব্য