![]()
ইবি রিপোর্ট
বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা সতর্কতার মধ্যে সম্ভাব্য হামলার আশঙ্কায় তিন দিন বন্ধ থাকার পর আবার চালু হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। রোববার (২৫ অক্টোবর) সকাল ৮টায় ওয়েবসাইটটি সচল করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগ নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করার পর এটি চালু করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান রোববার সকালে ওয়েবসাইটটি পুনরায় চালু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওয়েবসাইট তৈরিতে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপির (PHP) একটি নিরাপত্তা দুর্বলতা কাজে লাগিয়ে সম্ভাব্য সাইবার হামলার আশঙ্কা তৈরি হয়। এ পরিস্থিতিতে গত ২২ অক্টোবর বাংলাদেশ ব্যাংক তাদের ওয়েবসাইট বন্ধ করে দেয়।
পরবর্তী কয়েক দিন ওয়েবসাইটটি বন্ধ রাখা হয়। এ সময় সম্ভাব্য ঝুঁকি পর্যবেক্ষণের পাশাপাশি ওয়েবসাইটের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করেন কেন্দ্রীয় ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগের কর্মকর্তারা। নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার পর রোববার সকালে ওয়েবসাইটটি আবার সচল করা হয়।
পিএইচপি বিশ্বের বহুল ব্যবহৃত সার্ভার-সাইড প্রোগ্রামিং ভাষাগুলোর একটি। বিভিন্ন ওয়েবসাইটের পেছনের কার্যক্রম পরিচালনা, ব্যবহারকারীর তথ্য প্রক্রিয়াকরণ এবং বিভিন্ন সেবা চালু রাখতে এটি ব্যবহৃত হয়। এ ধরনের সফটওয়্যারে নিরাপত্তা দুর্বলতা থাকলে তা কাজে লাগিয়ে ওয়েবসাইট বা সার্ভারে অননুমোদিত প্রবেশের ঝুঁকি তৈরি হতে পারে।
তবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ থাকার সময় কোনো সাইবার হামলা সফল হয়েছিল কি না, কিংবা কোনো তথ্য চুরি হয়েছিল কি না, সে বিষয়ে দেওয়া তথ্যে কিছু জানানো হয়নি।