![]()
ইবি রিপোর্ট
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র খুলনা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে বিভাগাধীন শাখা ও উপশাখাগুলোর ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ঋণ বিতরণ কার্যক্রম জোরদার, শ্রেণিকৃত ঋণ আদায় এবং ব্যাংকের সামগ্রিক ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) খুলনা শহরের সিএসএস আভা সেন্টারের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মোঃ ওয়াহিদুল ইসলাম।
সভায় ব্যবস্থাপনা পরিচালক ‘ঋণ বিতরণ বর্ষ ২০২৬’ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন। তিনি ঋণ বিতরণ কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি শ্রেণিকৃত ঋণ আদায়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। ব্যাংকের নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপরও জোর দেন তিনি।
এ সময় সিএমএসএমই ঋণ বিতরণ, খেলাপি ঋণ আদায় এবং বাংলা কিউআর মার্চেন্ট অনবোর্ডিং ও লেনদেনের ক্ষেত্রে খুলনা বিভাগের সাফল্যের প্রশংসা করেন কাজী মোঃ ওয়াহিদুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন রূপালী ব্যাংকের খুলনা বিভাগের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক রোকনুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ক্রেডিট ডিভিশনের মহাব্যবস্থাপক মোঃ মইনুদ্দিন মাসুদ।
এ ছাড়া সভায় বিভাগাধীন তিনটি জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার মোঃ সাহাদ আলী, মুজিব আলম ও সেখ আলাউদ্দিন হোসেন উপস্থিত ছিলেন। পাশাপাশি খুলনা বিভাগের সব উপমহাব্যবস্থাপক, মহাব্যবস্থাপক এবং শাখা ও উপশাখার ব্যবস্থাপকরা সভায় অংশ নেন।
সভায় বিভাগাধীন শাখাগুলোর ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ঋণ বিতরণ, খেলাপি ঋণ আদায় এবং ডিজিটাল লেনদেনের প্রসারে চলমান কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়া হয়। ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়।